ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
রোববার সংসদীয় দলের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান হুইপ আব্দুস শহীদ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে প্রধান হুইপ সাংবাদিকদের বলেন, “সার্চ কমিটিতে নাম দেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। ১৪ দলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে।”
১৪ দলের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যোগাযোগ করেছেন বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার সার্চ কমিটির এক সিদ্ধান্তে জানানো হয়, রোববার দুপুর ৩টার মধ্যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে অনধিক পাঁচটি করে নাম দিতে অনুরোধ করা হয়।
তবে বিকালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য নাম দিতে আরো দুদিন সময় বাড়ানো হয়।
১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং মহাজোটের শরিক জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের জানান, তাদের দলও পৃথক বৈঠক করে আগামীকাল (সোমবার) নাম চূড়ান্ত করবে এবং পরে কমিটিতে পাঠাবে।
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে শেষ হবে। সংবিধান অনুসারে এর আগেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন ইসি নিয়োগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৯১৬ ঘ.
bdnews24