২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে ৪ কর্মী আটক

পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে ‘সন্দেহজনক’ গতিবিধির কারণে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে চার বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে ‘সন্দেহজনক’ গতিবিধির কারণে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে চার বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত জানান, রোববার বেলা পৌনে ১টার দিকে ওই চার জনকে আটক করা হয়। তাদের একজনের নাম রমজান। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দেহজনক গতিবিধির কারণে চার জনকে আটক করা হয়েছে। তাদের পরনের প্যান্টের ভেতর লুঙ্গিও ছিল। মনে হয় কোন অসৎ উদ্দেশ্যে তারা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল।” চার জনকে আটকের সময়ে বিএনপি কার্যালয়ের ভেতর বিএনপির সংবাদ সম্মেলন চলছিল। এর আগে সকাল থেকেই নগরীর বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দেওয়ানজী পুকুর পাড় এলাকায় নগর জামায়াত ইসলামীর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জামায়াত কার্যালয়ে গিয়েছিলাম। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। কোনো কিছু উদ্ধারও করা হয়নি।” জামায়াত কার্যালয়ের বাইরেও পুলিশি প্রহরা রয়েছে জানিয়ে তিনি বলেন, “আজ সারাদিন সেখানে নিয়মিত টহল চলবে।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ একই দিনে সমাবেশ ডাকে। এই পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশ রোববার ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করলে দুই দলই তাদের কর্মসূচি এক দিন করে পিছিয়ে দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশও সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই পরিপ্রেক্ষিতে ঢাকার মতো চট্টগ্রামেও রোববারের পরিবর্তে সোমবার গণমিছিল করার ঘোষণা দিয়েছে নগর বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আর/জেকে/১৫৩০ ঘ.