২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার সমাবেশ করবে আ. লীগও

পুলিশের নিষেধাজ্ঞায় বিএনপি তাদের গণমিছিল কর্মসূচি একদিন পেছানোর পর ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের নিষেধাজ্ঞায় বিএনপি তাদের গণমিছিল কর্মসূচি একদিন পেছানোর পর ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় রোববারের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, “যেহেতু রোববার মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ আছে তাই সোমবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে নির্ধারিত কর্মসূচি পালন করা হবে।” “দলীয় কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব,” যোগ করেন তিনি। একইদিন দুপুরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীতে গণমিছিল করার কথা রয়েছে বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে রোববার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা জারি করা হয় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনাতে জারি করা হয় ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোর গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে দেয় বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে। আওয়ামী লীগ বিএনপির পাল্টা কর্মসূচি দিয়েছে- বিরোধীদলের এমন অভিযোগ অস্বীকার করে মায়া বলেন, গত নভেম্বর মাসে কার্যকরি কমিটির সভা থেকেই সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। “যুদ্ধাপরাধীর বিচার এবং যুদ্ধারাধীদের বিচারে বাধা সৃষ্টিকারীদের বিচার দাবিতে গত নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা আছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া এসব কর্মসূচি চলবে।” সোমবারের সমাবেশ ছাড়াও মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় কর্মী সভা এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন মায়া। বিরোধীদলের কর্মসূচিতে সরকার কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিচ্ছে না দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন আমরা তাদের মতো ক্ষমতা দখলের চেষ্টা করিনি। আমরা তখন ঘর থেকেই বের হতে পারনি। আমাদের কোমরে দড়ি বেধে জেলে নিয়ে গেছে তারা।” সোমবারের সমাবেশ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “কেউ কাউকে বাধা দেবে না। তাদের (বিএনপি) কর্মসূচি তারা করবে।” একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে কি না- এ প্রশ্নের উত্তরে মায়া বলেন, “প্রেসক্লাবের সামনে আমরা গায়ে গা লাগিয়ে কর্মসূচি পালন করি। মাইক লাগিয়ে যে যা খুশি তাই বলে। সেখানে তো কেউ উস্কানি দেয় না। এ নিয়ে কেউ তো টু-শব্দও করে না।” “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যই এসব কর্মসূচি দেয়। তাদের কর্মসূচি গণতান্ত্রিক নয়। এজন্য তাদের মাশুলও দিতে হয়,” বলেন মায়া। অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সংসদ সদস্য আসলামুল হক আসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এএল/জেকে/১৩৪০ ঘ.