ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে রোববার মিছিল-সমাবেশে পুলিশের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খালেদা জিয়া।
শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “গণমিছিল বানচাল করতে আওয়ামী লীগ দুই দিন আগে পাল্টা কর্মসূচি দিয়েছে। সংঘর্ষের অজুহাত দেখিয়ে সরকার এখন ১৪৪ ধারা জারি করেছে।”
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পরিণতি ‘শুভ’ হবে না বলে সরকারকে সতর্ক করেন বিএনপি চেয়ারপার্সন।
বিএনপির গণমিছিল সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে পাল্টা কর্মসূচি ঘোষণার পর রাজধানীতে রোববার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ বলেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
খালেদা জিয়া গত ৯ জানুয়ারি চট্টগ্রামের সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ২৯ জানুয়ারির (রোববারের) এই গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। এরপর গত বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে একই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দেওয়া হয়।
গণমিছিলে খালেদা জিয়ার নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
শনিবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা সরকারের সমালোচনা করে বলেন, “আমাদের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাপক মানুষের অংশগ্রহণ দেখে ভয় পেয়েছে। এ জন্য তা ব্যর্থ করতে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে।”
দেশের কারিগরি শিক্ষা ও প্রকৌশলীদের জন্য তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী।
আইডিইবি’র ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, “আমাদের নদ-নদীগুলোকে রক্ষা করতে না পারলে আমাদের সামগ্রিক উন্নয়ন-উৎপাদন প্রক্রিয়া ও পরিবেশ-প্রতিবেশ চরমভাবে ব্যাহত হবে।”
ডিপ্লোমা প্রকৌশলীদের দেশকে সংকট থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ১৯তম ও ৩৫তম জাতীয় কাউন্সিলের এই সমাপনী অধিবেশন হয়। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এই জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। এই জাতীয় সম্মেলনে সারা দেশের ছয় হাজার ডিপ্লোমা প্রকৌশলী এই সম্মেলনে অংশ নেন।
এছাড়া সংযুুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলংকার ৩০ জন প্রতিনিধি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই জাতীয় সম্মেলনে অংশ নেন।
এবারে সম্মেলনের প্রতিপাদ্য ছিল- ‘গণমুখী তথ্যপ্রযুক্তি বদলে দেবে অর্থনীতি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮১৩ ঘ.
bdnews24