ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিএনপির গণমিছিল থেকে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর তথ্য গোয়েন্দারা দিয়েছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার বিএনপির ওই কর্মসূচির আগের দিন এক আলোচনা সভায় এই কথা জানান তিনি। তার বক্তব্যের ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ রোববার ঢাকায় সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, “গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ২৯ তারিখ নাশকতামূলক কর্মকাণ্ডের সম্ভাবনা আছে। সরকারের কাছেও রিপোর্ট আছে।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আপনারা রাজনৈতিক কর্মসূচি পালন করবেন সে ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, সে ক্ষেত্রে অসুবিধা আছে।”
এই প্রসঙ্গে গত ১৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনার দিনে বিক্ষিপ্ত বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরেন কামরুল।
তিনি বলেন, “১৮ তারিখ এর মতো কিছু ঘটলে তার পরিণতি হবে ভয়াবহ।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি ঢাকায় গণমিছিলের কর্মসূচি দেয়। পরে একই দিনে সমাবেশ ডাকে আওয়ামী লীগও। মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষেত্রে পুলিশ দুই দলের কর্মসূচির কারণে পরিস্থিতির অবনতির শঙ্কার কথা জানিয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “সরকার যতটুকু কঠোর হওয়ার দরকার, ততটুকু কঠোর হবে। আমরা রাজনৈতিক কর্মীরাও বিশৃঙ্খলা বরদাশত করব না।”
যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিএনপি একের পর এক কর্মসূচি দিচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “জামায়াতের পেটে বিএনপি ঢুকে গেছে। বিএনপির এখন আলাদা কোনো অস্তিত্ব নেই। জামায়াত এখন মূল শক্তি, আর বিএনপি বি টিম।”
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার : দেশ বিদেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৫৪০ ঘ.
bdnews24