২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানের কলকাঠি লন্ডনে: হানিফ

ব্যর্থ সেনা অভ্যুত্থানে বিরোধী দলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর এবার খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দিকে ইঙ্গিত করলেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থ সেনা অভ্যুত্থানে বিরোধী দলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর এবার খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দিকে ইঙ্গিত করলেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত সেনা কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিদের নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখস হাসিনার এই বিশেষ সহকারী। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হানিফ শনিবার এক আলোচনা সভায় বলেন, “আমাদের কাছে খবর এসেছে, দেশের বাইরে বা লন্ডন থেকে কলকাঠি নাড়া হয়েছে। বাইরে থেকে অর্থের জোগান দেওয়া হয়েছে।” বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে লন্ডনে রয়েছেন। গত ১৯ জানুয়ারি সেনাবাহিনী ব্যর্থ সেনা অভ্যুত্থানের কথা প্রকাশের পর থেকে সরকারি দলের বিভিন্ন নেতা এতে বিএনপির জড়িত থাকার অভিযোগ তুলে আসছিলেন। প্রধানমন্ত্রী শনিবারও বলেন, “ডিসেম্বরের পর সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে বিএনপি নেত্রী আলটিমেটাম দিয়েছিলেন। ডিসেম্বরের মাজেজাটা কী ছিলো, তা ধরা পড়ে গেছে।” হানিফও বলেন, “গত তিন চার মাসের ঘটনা লক্ষ্য করলে দেখবেন, বিএনপি ও তাদের শরিকরা বলে আসছিল, ডিসেম্বরের মধ্যেই এ সরকারের পতন ঘটবে। আমরা জানি, দেশে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর। তিন বছরের মাথায় সরকার পতনের কোনো গণতান্ত্রিক পথ নাই। তাহলে কীভাবে পতন হবে?” অভ্যুত্থানচেষ্টার সঙ্গে ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে প্রবাসী কতিপয় ব্যক্তির জড়িত ছিল বলে সেনাবাহিনীর দাবি। সেনা সদস্যদের বিষয়টি সেনাবাহিনী তদন্ত করছে। হানিফ বলেন, “বাইরের কারা ওই অভ্যুত্থানে জড়িত, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। কাদের মদদে এই ঘটনা ঘটলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।” বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ পরিষদ’ আয়োজিত সভায় স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর গুরুত্ব তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ বিভিন্ন ষড়যন্ত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন দাবি করে তিনি বলেন, “তিনি (জিয়া) মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে দাবি করেন, কিন্তু রণাঙ্গনে তার কোনো ইতিহাস আমি পড়িনি। বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে তার বৈঠকের কথা আত্মস্বীকৃত খুনিদের মুখেই আমরা শুনেছি।” যুদ্ধাপরাধের অভিযোগে আটকদের ছেড়ে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি বিএনপিকে মুক্তিযুদ্ধের দল হিসেবে অভিহিত করে খালেদার জিয়ার বক্তব্যের পাল্টায় হানিফ বলেন, “আপনি (খালেদা) একটি অবস্থানে আসুন। হয় মুক্তিযুদ্ধের পক্ষে আসুন, নইলে রাজাকারদের পক্ষেই যান।” “আপনি দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দুই ছেলের দুর্নীতির জন্য আপনার লজ্জা হওয়া উচিত। রাজাকারদের পক্ষ নিয়ে আপনি জাতির সঙ্গে বেঈমানি করেছেন। এখন জাতির কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে সেই দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইছেন,” বলেন তিনি। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, “কিন্তু বিরোধী দল তাদের কর্মসূচিতে জনসমর্থন না পেয়ে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। শান্তিপূর্ণ কর্মসূচি করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জ্বালাও-পোড়াও করলে আমরা বসে থাকতে পারি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/এমআই/১৮৩৫ ঘ.