ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট ও চারদলীয় জোট- এই দুইয়ের বাইরে বাম ও গণতান্ত্রিক শক্তির সমাবেশ ঘটানোর আহ্বান নিয়ে ঢাকায় জনসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।
শুক্রবার মৎস্য ভবনের সামনের সড়কে সমাবেশে সিপিবি নেতারা ক্ষমতাসীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলেও চারদলীয় জোট ক্ষমতায় ফিরলে জনজীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে।
সা¤প্রতিক সময়ে বাম রাজনৈতিক দলের বড় ধরনের এই সমাবেশে ১১ দফা দাবি তুলে ধরে তার প্রচারে আগামী ১৪ থেকে ২০ ফেব্র“য়ারি পর্যন্ত জেলা-উপজেলা-ইউনিয়নে মিছিল-পদযাত্রা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মহাজোটের তিন বছরে প্রাপ্তি বলতে এদেশের মানুষ দেখেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি এবং কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও লুটপাট।
“তপ্ত কড়াইয়ের অসহনীয় উত্তাপে সাধারণ মানুষের জীবন আজ অসহনীয়। তারা আজ পরিত্রাণ চায়,” বলেন তিনি।
বিএনপি-জামায়াত জোটকে ‘বিপদ’ হিসেবে চিহ্নিত করে সিপিবি সাধারণ সম্পাদক বলেন, “সরকার পতনের জন্য তারা রাস্তায় নেমেছে। কিন্তু তারা কি মানুষকে উদ্ধার করতে পারবে? তাদের দুঃশাসনের কথা মানুষ ভুলে যায়নি। ক্ষমতায় ফিরে এলে তারা মানুষের জীবন আরো দুর্বিষহ করে তুলবে।”
দ্বিদলীয় মেরুকণের বাইরে সব শ্রেণী-পেশার মানুষের গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশন ব্যবস্থা চালু, টিসিবি শক্তিশালী করা, বিএডিসিকে শক্তিশালী করা, বাফার স্টক গড়ে তোলা, ক্রেতা এবং উৎপাদকের মধ্যে সমবায় নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দেন সেলিম।
“তবে সরকার এসব করবে না। কারণ বিশ্বব্যাংক, আইএমএফ, সাম্রাজ্যবাদের বাধা আছে,” একইসঙ্গে বলেন তিনি।
সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান পল্টনে দলের সমাবেশে বোমা হামলাসহ সব বোমা হামলা, হত্যাকাণ্ড, গুম হত্যার বিচার দাবি করেন।
জ্বালানির সম্পদের সুরক্ষায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পিএসসির নামে বিদেশিদের হাতে গ্যাস সম্পদ তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। বাপেক্সকে শক্তিশালী এবং জাতীয় ক্ষমতার বিকাশ ঘটাতে হবে।”
বিদ্যুৎ সমস্যার আশু সমাধানে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, “এটি কুইক পকেট ভারীর কৌশল। জনগণের পকেট কাটার এই পদ্ধতি বন্ধ করতে হবে।”
সমাবেশে সিপিবি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হায়দার আকবর খান রনো, সহিদুল্লা চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল, রুহিন হোসেন প্রিন্স, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, মন্টু ঘোষ, আহসান হাবিব লাবলু, কাফি রতন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।
দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা লাল পতাকা ও কাস্তে-হাতুড়ি প্রতীকের প্ল্যাকার্ড নিয়ে এই সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে লাল পতাকার একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/কেটি/এমআই/২০০৪ ঘ.
bdnews24