ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের ১৭তম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুমুল বিতর্ক হয়েছে।
বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির পর প্রসিকিউটর হায়দার আলী প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিাইবি) কর্মী রবিউল আনাম খানের বক্তব্য নেওয়া শুরু করেন।
রবিউল আনাম ছিলেন তথ্য-উপাত্ত সরবরাহকারী সাক্ষী। তার স্বাক্ষর পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি যে মামলার তদন্ত কর্মকর্তাকে তথ্য-উপাত্ত যা মূলত সাময়িক ও সংবাদপত্রের প্রতিবেদনগুলো দিয়েছিলেন সে বিষয়টি নিশ্চিত করা হয়।
কিন্তু সংবাদ প্রতিবেদনকে ট্রাইবুনালে ‘প্রামাণিক দলিল’ হিসেবে উপস্থাপন করা হলে তার তীব্র বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এ নিয়ে বিতর্কের মধ্য দিয়েই এ দিন আদালতের কার্যক্রম শেষ হয়।
সাঈদীর আইনজীবীরা বলেন, তদন্ত কর্মকর্তারা কোনো বিশেষ তথ্য সংগ্রহ করলে কেবল তা নিশ্চিত করার জন্যই এ ধরনের সাক্ষীকে হাজির করা হয়।
তবে সংবাদ প্রতিবেদন ও নিবন্ধ অপরাধের ‘প্রামাণিক দলিল’ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, কোন তথ্য কীভাবে প্রমাণ হিসেবে সনাক্ত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে।
২০১০ সালে ট্রাইব্যুনালের করা কার্যপ্রণালী বিধির ৫৪ নম্বর অনুচ্ছেদ উদ্ধৃত করে তারা বলেন, প্রসিকিউশন কোনো তথ্যের সত্যতা প্রমাণ করতে পারে ওই তথ্যের লেখক বা যিনি লেখকের হাতের লেখা বা স্বাক্ষর চেনেন তার মাধ্যমে।
এ ধরনের কোনো ব্যক্তি যদি মারা যান বা তাকে যদি না পাওয়া যায় তাহলে যে ব্যক্তির কাছ থেকে তা সংগ্রহ করা হয়েছে বা যিনি জানেন কার কাছ থেকে এটা সংগ্রহ করা হয়েছে তাকে দিয়ে তথ্যের সত্যতা যাচাই করা যায় বলে দাবি করেন তারা।
মিজানুল ইসলাম বলেন, কার্যপ্রণালীতে স্পষ্ট বলা আছে, কোনো তথ্যকে প্রামাণিক দলিল হিসেবে সনাক্ত করার ক্ষেত্রে তার লেখককে অবশ্যই আদালতে হাজির হতে হবে।
কার্যপ্রণালীতে ওই বিধি কোনো প্রবন্ধ বা বইয়ের জন্য করা হয়েছে বলে আদালত জানালেও তা মেনে নিতে অস্বীকার করেন সাঈদীর আইনজীবীরা।
এ সময় তারা সংবাদ প্রতিবেদক ও সংবাদপত্রের সম্পাদককে আদালতে উপস্থিত করার দাবি জানালে তার বিরোধিতা করে প্রসিকিউটর হায়দার আলী বলেন, এর কোনো প্রয়োজন নেই।
১৯৭৩ অ্যাক্টের ১৯-এর ১ সেকশন এবং কার্যপ্রণালীর ৫৪ অনুচ্ছেদ তুলে ধরে তিনি বলেন, চলচ্চিত্র, সাময়িকী ও সংবাদপত্রসহ যে কোনো কিছুর প্রতিবেদন বা আলোকচিত্রসহ যে কোনো তথ্য ট্রাইব্যুনাল প্রামাণিক দলিল হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।
তখন সাঈদীর আইনজীবীরা ট্রাইব্যুনালে কার্যপ্রণালীর ৫৫ অনুচ্ছেদ উদ্ধৃত করে বলেন, কোনো একবার প্রামাণিক দলিল হিসেবে সনাক্ত হলে তা বিচারের ক্ষেত্রে গ্রহণযোগ্য তথ্য বলে বিবেচিত হবে।
এ সময় ট্রাইব্যুনালের এক বিচারপতি বলেন, প্রামাণিক দলিল কীভাবে বিবেচনা করা হবে তা বিচারপতিরা সিদ্ধান্ত নেবে।
তার বক্তব্যের বিরোধিতা করে মিজানুল বলেন, বিষয়টি বিচারপতি ভেদে ভিন্ন হবে। বিচারপতির পরিবর্তন হলে প্রামাণিক দলিল বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে ওই পদ্ধতি নাও মানা হতে পারে।
এ সময় প্রধান বিচারপতি কার্যপ্রণালীর ওই ধারা পুনর্বিবেচনার আশ্বাস দেন।
এ দিন আদালতের কার্যক্রম মুলতবি হওয়ার আগে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কথা ওঠে। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ আদালতে তোলা হলে তাতে পৃষ্ঠা নম্বর উল্লেখ করা না থাকায় তা ফিরিয়ে দেওয়া হয়।
আগামী রোববার তার সংশোধিত সংস্করণ ট্রাইব্যুনালে উত্থাপনের বিষয়ে প্রসিকিউশন ও আসামী পক্ষের আইনজীবীরা একমত হয়।
মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। গত ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল¬া এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রয়েছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/০০৪০ ঘ.
bdnews24