ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করতে হলে আগে পাকিস্তানি সৈন্যদের ছেড়ে দেওয়ার বিচার করতে হবে।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিচার চলার মধ্যে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, “বিএনপি কখনোই যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে না। তবে ট্রাইব্যুনালের নামে প্রতিহিংসা চরিতার্থ করার কোনো ষড়যন্ত্রে বিএনপি সমর্থন দেবে না।”
“আত্মসমর্পণকারী ৯৩ হাজার পাকিস্তানি সেনা সদস্য, যারা প্রত্যক্ষভাবে হত্যা, ধর্ষণ এবং লুটপাটে জড়িত ছিলো, তাদের যারা ছেড়ে দিয়েছে, আগে তাদের বিচার হতে হবে,” বলেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে আনোয়ার বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। তারা দেশকে পৈত্রিক সম্পত্তি মনে করে।
বাকশাল গঠনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। ১৯৭৪ এর দুর্ভিক্ষের জন্যও বর্তমান ক্ষমতাসীন দলটিকে দায়ী করেন এই বিএনপি নেতা।
সম্মিলিত পেশাজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম’ শীর্ষক এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, পেশাজীবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ আল আমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২১৫২ ঘ.
bdnews24