ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলের পাল্টা কর্মসূচি হিসেবে জনসভা আয়োজনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
আগামী ২৯ জানুয়ারি (রোববার) ক্ষমতাসীন দলটি তার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ওই দিনই ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি রয়েছে প্রধান বিরোধী দল বিএনপির। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করতে ইতিমধ্যে সরকারের চেয়েছে দলটি।
একইসঙ্গে বিএনপি-জামায়াত জোটের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র’ আখ্যায়িত করে তা মোকাবেলায় দেড় মাসের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও হাতে নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এই কর্মসূচি শুরু হবে শুক্রবার থেকে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
দেড় মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ঢাকার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও ১৬টি নির্বাচনী এলাকায় জনসভা। শুক্রবার দুপুর ৩টায় প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হবে ৫৭ নম্বর ওয়ার্ডে।
বর্ধিত সভা শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বর্ধিত সভার সিদ্ধান্ত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৭ ঘ.
bdnews24