ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, স্পিকার আবদুল হামিদের নিরপেক্ষতার অভাবে সংসদ ক্ষমতাসীনদের ‘দলীয় প্রচারণার কেন্দ্রে’ পরিণত হয়েছে।
বুধবার সকালে এক আলোচনা সভায় ফারুক বলেন, “তিন বছরে সরকারি দল জাতীয় সংসদকে একদলীয়, গণতন্ত্রহীন ও দলীয় প্রচারণার কেন্দ্রে পরিণত করেছে। সংসদ নেতা ও সংসদের প্রধান হুইপের আঙুলের ইশারায় স্পিকার সংসদ পরিচালনা করেন।”
“তিনি (স্পিকার) বিরোধী দলের বাম আসনের দিকে তাকান না। তাদের কোনো নোটিশ গ্রহণ করেন না। তাই স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে”, যোগ করেন এই বিএনপি নেতা।
বুধবার বিকালে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে, যাতে যোগ দেওয়ার ব্যাপারে এরই মধ্যে শর্ত জুড়ে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি বলছে, সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থঅ পুনর্বহালের বিল তুললে বিএনপি সংসদে যাওয়ার কথা ভাববে।
সর্বশেষ গত বছর ২৪ মার্চ বিএনপিসহ বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেয়। এ সংসদের ১১টি অধিবেশনের মধ্যে ৭টিতেই অনুপস্থিত থাকে বিএনপি।
এর কারণ ব্যাখ্যা করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় জয়নাল আবদিন ফারুক বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পূঁজিবাজারের দরপতন, সীমান্ত হত্যা, তিস্তা পানি বণ্টন সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ এক হাজারের বেশি নোটিশ দিয়েছি আমরা। কিন্তু একটিও স্পিকার গ্রহন করেননি। অথচ তিনি বিরোধী দলীয় নেতার সংসদের বাইরে দেওয়া বক্তব্য নিয়ে সরকারি দলের নিন্দা প্রস্তাবের নোটিশ গ্রহণ করেছেন।”
“স্পিকার কেমন নিরপেক্ষ, তা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে”, বলেন বিরোধী দলীয় প্রধান হুইপ।
স্পিকার আবদুল হামিদের সমালোচনা করে ফারুক বলেন, “বিরোধী দল কেন সংসদে অনুপস্থিত- তা জানতে গত তিন বছরে তিনি একবারও আমাদের সঙ্গে কথা বলেননি। বিরোধী দলীয় নেতাকে এ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোরও প্রয়োজন তিনি মনে করেননি।”
বর্তমানে সংসদ নিয়ে ‘অচলাবস্থা’ চলছে মন্তব্য করে এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্পিকারকে দায়ী করেন ফারুক।
তিনি বলেন, “তারা আন্তরিক হলে বিরোধী দলের সংসদে যাওয়ার পরিবেশ তৈরি হতো। কিন্তু তারা কেউ তা চান না।”
ব্যর্থ সেনা অভ্যুুত্থানের সঙ্গে বিএনপিকে ‘জড়াতে’ সরকার ‘ষড়যন্ত্রের খেলা’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক। তবে এ ‘কৌশলে’ কাজ হবে না বলেও তিনি মন্তব্য করেন।
সেনাবাহিনী গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, ধর্মান্ধ কিছু অবসরপ্রাপ্ত ও বর্তমান সেনা সদস্যের সরকার উৎখাতের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ওই সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, বাংলাদেশে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে।
এর জবাবে ফারুক আলোচনা সভায় বলেন, “আমরা গণতন্ত্রের পথে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। তাই সরকারকে বলবো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিল এই অধিবেশনে নিয়ে আসুন। আমরা সংসদীয় দলের বৈঠক করে সংসদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেব।”
লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সস্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫০ ঘ.
bdnews24