ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগের ‘একলা চলো’ নীতি পরিহার জরুরি বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “এখনো বিপদ কাটেনি। গণতন্ত্র বিনাশী চক্রান্ত রুখতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এ জন্য আওয়ামী লীগের একলা চলো নীতি পরিহার করা দরকার।”
মহাজোটভুক্ত দলগুলোর ঐক্যের ওপরও গুরুত্ব দেন জাসদ সভাপতি।
সরকার উৎখাতে ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে- গত ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এ কথা জানায় সেনাবাহিনী।
ইনু বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি সবসময় সক্রিয়। নিজেদের দেউলিয়াত্বের কারণে তারা সব সময় ভর করেছে সেনাবাহিনীর ওপর।”
স্বাধীনতা এবং গণতন্ত্রবিরোধী শক্তি সবসময় সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চেয়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, “সেনাবাহিনীকে রাজনীতি মুক্ত এবং সংবিধানের অনুগত থাকতে হবে।”
নির্বাচিত সরকার এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে সাংবিধানিক রাজনীতির কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন ডাক, তার ও টেলিযোগাযোগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু।
সরকার উৎখাতে ব্যর্থ অভ্যুত্থান প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সূত্র ধরে জাসদ সভাপতি বলেন, “শুধু শনাক্ত করে সাজা প্রদানই যথেষ্ট নয়। ভবিষ্যতে যেন এরকম আশঙ্কা আর না আসে, সে জন্য প্রয়োজন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য।”
সোমবার এক সংবাদ সম্মেলনে আশরাফ সাংবাদিকদের বলেছিলেন, ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িতদের শনাক্ত করে সাজা না দেওয়া পর্যন্ত এর রেশ কাটবে না।
প্রেসক্লাবের আলোচনা সভায় ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, “সেনাবাহিনীর দায়িত্বের সীমা সংজ্ঞায়িত নয়। এটা হওয়া উচিত, পাশাপাশি একটি আইনগত কাঠামো প্রয়োজন, যার অধীনে সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সগুলো কাজ করবে।”
জাসদ আয়োজিত এই গোলটেবিলে উপস্থিত ছিলেন দলের কার্যকরি সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি জেপি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/এমআই/১৮১৮ ঘ.
bdnews24