ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমলেও গুমের ঘটনা বেড়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন দিয়েছে তা ‘সঠিক নয়’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ বাহিনী বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা ঠিক নয়। আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক দায়িত্ব পালন করছে। তারা রক্ষা করার জন্য কাজ করছে, গুম করার জন্য নয়।”
সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, দেশ-বিদেশে সমালোচনার মুখে র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটনা কমে এলেও গুমের ঘটনা অনেক বেড়েছে।
বিচার-বহির্ভূত হত্যা ও নিরাপত্তা হেফাজতে নির্যাতন তদন্ত ও বিচারে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি- এমন মন্তব্য করে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, “নিরাপত্তা সংস্থাগুলি এক ধরনের নির্যাতনের বদলে অন্য ধরনের নির্যাতন চালাচ্ছে- এতে উদ্বেগের সৃষ্টি হয়েছে।”
গুমের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “গুমের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।”
আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটার পর গত বছরের মাঝামাঝি সময়ে গুপ্তহত্যা বা গুমের বিষয়টি আলোচনায় আসে। এসব ক্ষেত্রে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির লাশ পরে ‘উদ্ধার’ করা হয় কখনো নদী, কখনো জঙ্গল থেকে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এই ‘গুম রহস্য’ ভেদ করতে সরকারকে তাগিদ দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত ডিসেম্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘গুপ্তহত্যার’ বিষয়টি তিনি জানতে পেরেছেন পত্রিকা পড়ে।
সীমান্তের ঘটনায় নিন্দা
স¤প্রতি সীমান্তে এক বাংলাদেশির ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে সাহারা খাতুন মঙ্গলবার বৈঠকের পর বলেন, ভারত ঘটনার পর আট বিএসএস সদস্যকে বরখাস্ত করেছে।
গত ৯ ডিসেম্বর রাজশাহী সীমান্ত সংলগ্ন ভারতীয় এলাকায় বিএসএফের সেনা তল্লাশি চৌকিতে চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমানের (২২) ওপর নির্মম নির্যাতন চালায় বিএসএফ সদস্যরা। স¤প্রতি ওই নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিভিন্ন মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর আট জওয়ানকে বরখাস্ত করে তদন্ত কমিটি করার ঘোষণা দেয় ভারত সরকার।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, “এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। প্রতিবেশী দেশকেও এ বিষয়ে সচেতন হতে হবে।”
সীমান্ত সমস্যার সমাধানে আগামী মার্চে ভারত-বাংলাদেশ বৈঠক হবে জানিয়ে টুকু বলেন, “আলাপ আলোচনা মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।”
চোরাচালান প্রতিরোধে কেন্দ্রীয় মনিটরিং সেল
বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, চোরাচালান প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে। যে কেউ এই সেলে তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করতে পারবেন।
মাদক ও অস্ত্রের চোরাকারবারিরা ধরা পরার পরও খালাস পেয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সাজার ব্যাপারটি নিশ্চিত করার জন্য আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”
চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24