ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ হয়নি।
সাক্ষীরা সকালে আদালতে হাজির থাকলেও আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অন্য মামলায় শুনানি থাকার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন।
তাদের আবেদন মঞ্জুর করে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন আগামি ১৬ ফেব্র“য়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রাখেন।
এর আগে ৩ জানুয়ারি এ মামলার রেকর্ডিং কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরাকে আসমিপক্ষ জেরা শুরু করে। ১৬ ফেব্র“য়ারি তার অবশিষ্ট জেরা হবে।
হোসনে আরা এবং পুলিশ পরিদর্শক মীর আলীমুজ্জামান গত বছরের ৮ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য দেন।
মামলায় তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। তাকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তারেককে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছে বলে তার পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না।
যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট গত বছরের ১৬ নভেম্বর এ মামলায় সাক্ষ্য দেন। ওইদিন জবানবন্দির পর তাকে জেরা না করেই আদালত বর্জন করে মামুনের আইনজীবীরা। তাদের অভিযোগ, ডেবরার সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়েছে।
তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।
গত বছরের ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪০৭ ঘ.
bdnews24