২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়ক বিল আনুন, সংসদে যাব’

সংসদে ফেরার আগ্রহের কথা জানালেও সে জন্য আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল আনার শর্ত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার আগ্রহের কথা জানালেও সে জন্য আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল আনার শর্ত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকারকে বলবো, এই অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পুনবর্হালের বিল উপস্থাপন করুন। তাহলে আমরা সংসদীয় দলের বৈঠক করে যে কোনো মুহূর্তে সংসদে ফিরে যাওয়ার চিন্তাভাবনা করবো।” “বিরোধী দল সংসদে ফিরে যেতে চায়। তবে আগে পরিবেশ তৈরি করতে হবে”, যোগ করেন তিনি। বুধবার বিকাল ৩টায় জাতীয় সংসদে দ্বাদশ অধিবেশন বসছে। বছরের প্রথম অধিবেশন বলে রীতি অনুযায়ী এই অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদ ভাষন দেবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বর্তমান সংসদের গত ১১টি অধিবেশনের মধ্যে ৭টিতেই অনুপস্থিত থাকে প্রধান বিরোধী দল বিএনপি। সর্বশেষ ২০১১ সালের ২৪ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেয় তারা। সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনাদের নিয়ে আন্দোলন চালিয়ে আসছে। দীর্ঘ দিন সংসদ না যাওয়ার কারণ ব্যাখ্যা করে জিয়া ব্রিগেড আয়োজিত মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকারই সংসদকে অচল ও অকার্যকর করে রেখেছে। দেশের মানুষের সমস্যা ও সংকটের কথা এই সংসদে বলতে দেওয়া হয় না। বিরোধী দল যখনই সংসদে যেতে চায়, তখন সরকার কল্পকাহিনী সৃষ্টি করে আমাদের বিরত রাখার ষড়যন্ত্র করে।” “সংসদকে মাছের বাজারে পরিণত করেছে আওয়ামী লীগ”, যোগ করেন বিরোধী দলীয় প্রধান হুইপ। ফারুক অভিযোগ করেন, “দ্রব্যমূল্য, ট্রানজিট, তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন সমস্যার বিষয়ে সংসদে বিরোধী দলকে কোনো কথা বলতে দেওয়া হয় না। আমরা জনগণের সমস্যার বিষয়ে যতো মুলতবি প্রস্তাব দিয়েছি, তার কোনোটিই গ্রহণ করা হয়নি।” ‘জাতীয় সংসদকে কার্যকর ও সংঘাতের রাজনীতি পরিহার’ শীর্ষক এই মানববন্ধন কর্মসূচিতে জিয়া ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জিয়া ব্রিগেডের মহাসচিব আবুল হোসেন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪০০ ঘ.