ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সংসদের বছর শুরুর অধিবেশনে বুধবার দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির বক্তব্যের সময় সংসদে বিরোধী দলের আসনগুলো ছিল ফাঁকা। তাদের অনুপস্থিতিতে নবম সংসদের দ্বাদশ অধিবেশন এদিন শুরু হয়েছে। তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের সদস্যরা অধিবেশন কক্ষে ছিলেন।
রাষ্ট্রপতি বিরোধী দলের উদ্দেশে বলেন, “আপনাদের সব প্রস্তাব, সুপারিশ ও অভিযোগ সংসদের ফ্লোরে এসে বলুন। এতে গণতন্ত্র সমৃদ্ধ হবে।”
বিরোধী দলকে সংসদে ফিরতে সরকারি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও বিএনপি নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিল আনা না হলে সংসদে ফিরবেন না তারা।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বুধবার সকালেও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সংবিধান সংশোধনের বিল সরকারি দল আনলে তারা সংসদ অধিবেশনে যোগ দেবেন।
গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয় নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা, যা যোগ হয়েছিল ১৯৯৬ সালে আওয়ামী লীগেরই আন্দোলনের ফলে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আরো কয়েকটি বিষয়ও যোগ হয়েছে।
পঞ্চদশ সংশোধনের জন্য সরকারকে ধন্যবাদ দিয়ে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, এর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের মূল চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চার মূল নীতি।
নতুন নির্বাচন কমিশন গঠনে সংলাপে অংশ নেওয়ায় বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, “পরামর্শের ভিত্তিতে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠনই ছিল আমার এ উদ্যোগের লক্ষ্য। আপনাদের মূল্যবান পরামর্শ শক্তিশালী ইসি গঠনে সহায়ক হবে।”
সরকারের খাতওয়ারি উন্নয়ন তুলে ধরেন রাষ্ট্রপতি জানান, তথ্য প্রযুক্তির পরিপূর্ণ প্রয়োগের মাধ্যমে দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। সরকার ইতোমধ্যে ১১ বছর মেয়াদি (২০১০-২১) পরিকল্পনা চূড়ান্ত করেছে।
অচিরেই বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন জিল্লুর রহমান। চলতি হিসাবে উদ্বৃত্ত ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার স্থিতিশীল রিজার্ভের কারণে অর্থনীতির ভিত্ত দিন দিন আরো মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
৫৫ দিন বিরতির পর বুধবার বিকাল সাড়ে ৩টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি সন্ধ্যা ৬টার কিছু সময় পর ভাষণ শুরু করেন। সাড়ে ৬টার দিকে ভাষণ শেষ হওয়ার পর স্পিকার রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।
প্রথা অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
আওয়ামী লীগের সংসদ সদস্যরা ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অধিবেশনে ছিলেন। দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেখা না গেলেও জাতীয় পার্টির সংসদ সদস্যরা ছিলেন সংসদে।
নবনির্বাচিত পাঁচ নারী সংসদ সদস্য বেবী মওদুদ, ফজিলাতুন্নেসা ইন্দিরা, পিনু খান, হাসিনা মান্নান ও ফজিলাতুন্নেসা বাপ্পীও অধিবেশনে রয়েছেন। তারা এই পথম সংসদ অধিবেশনে যোগ দিলেন।
নবম সংসদের এই অধিবেশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এই হিসাবে এই অধিবেশনে কার্যদিবস থাকছে ২৭টি। সে ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যরা এ অধিবেশনে যোগ না দিলেও সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়ছেন না।
আইন অনুযায়ী, টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। বর্তমানে বিরোধী দলের সদস্যরা গড়ে ৫৩ দিন ধরে অনুপস্থিত রয়েছেন।
এর আগে ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত বছরের ১৫ মার্চ সংসদ অধিবেশনে ফিরেছিলেন বিরোধীদলীয় সদস্যরা।
বর্তমান সংসদের গত ১১টি অধিবেশনের মধ্যে ৭টিতেই অনুপস্থিত বিরোধী দলের সদস্যরা। সর্বশেষ ২০১১ সালের ২৪ মার্চ তারা সংসদ অধিবেশনে যোগ দেন।
দ্বাদশ অধিবেশন ৮ মার্চ পর্যন্ত চললেও যদি তা বেড়ে ৩৭ কার্যদিবস অতিক্রম করে, তবে সংসদ সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বিরোধীদলীয় সদস্যরা।
সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ মঙ্গলবারই বলেন, সংসদ সদস্যপদ টিকিয়ে রাখার জন্য হলেও বিরোধীদলীয় সদস্যরা এই অধিবেশনে ফিরবেন বলে তিনি আশা করছেন।
সংসদ বর্জনের ক্ষেত্রে এক দিন ‘পরিবেশ নেই’ কারণ দেখালেও এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকেই মূল শর্ত হিসেবে তুলে ধরছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24