ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিকে স্বাগত জানালেও এর সাচিবিক দায়িত্বটি নির্বাচন কমিশন সচিবালয়কে দিলে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের অবকাশ থাকত না বলে মন্তব্য করেছেন বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
নতুন নির্বাচন কমিটি গঠনে চার সদস্যের সার্চ কমিটি গঠনের প্রতিক্রিয়ায় সোমবার তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতির গঠন করা এই কমিটির সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে।
সাখাওয়াত সাংবাদিকদের বলেন, “সার্চ কমিটি গঠন ভালো উদ্যোগ। তবে সাচিবিক দায়িত্বটা মন্ত্রিপরিষদের পরিবর্তে ইসিকে দিলে আরো নিউট্রাল হতো বলে মনে করি। মন্ত্রিপরিষদের সঙ্গে সরকারের সম্পৃক্ততা রয়েছে। ইসি সব সময় নিউট্রাল বডি হিসেবে কাজ করে।”
তার যুক্তি, কমিটির সুপারিশে নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম আসবে তাদের বিষয়ে তথ্য দিতে অতীতের বিভিন্ন ফাইল দেখে প্রয়োজনীয় তথ্য দিতে পারত ইসি সচিবালয়।
সার্চ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাখাওয়াত বলেন, “অনেক দিন পরে হলেও নির্বাচন কমিশন গঠনে একটি কাঠামো তৈরি হয়েছে।”
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী মাসেই শেষ হচ্ছে। সার্চ কমিটি ১০ দিনের মধ্যে পরবর্তী কমিশন গঠনের জন্য নামের সুপারিশ তৈরি করবে। তার মধ্য থেকে নতুন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।
আগামী কমিশন গঠনে এই সার্চ কমিটি গঠন করা হলেও আইন করে এর স্থায়ীরূপ দেওয়া হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন।
সার্চ কমিটি বর্তমান ইসিকে রেখে দেওয়ার প্রস্তাব দিলে আপত্তি থাকবে কিনা- জানতে চাওয়া হলে বিদায়ী কমিশনার সাখাওয়াত বলেন, “সেটি এখন বলতে পারব না। টাইম উইল টক।”
গত পাঁচ বছরে কাজ করতে গিয়ে রাজনৈতিকগুলোর সহযোগিতা পেয়েছেন বলে জানান সাখাওয়াত। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন তিনি।
তবে আইনি সংস্কার নিয়ে ক্ষমতাসীন দলের ‘অনীহা’ ও ঢাকা সিটি কর্পোরেশন না করতে না পারায় হতাশা প্রকাশ করেন সাখাওয়াত।
তিনি বলেন, “ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে না পারা আমাদের জন্য বড় হতাশার বিষয়। আমরা অনেক আগে থেকেই ঢাকা নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু ঢাকাকে ভাগ করার কথা বলে সরকার এ নির্বাচন আটকে রেখেছে। শেষ মুহূর্তে যখন তারা ঢাকাকে বিভক্ত করলো তখন আর নির্বাচন করার মতো সময় ছিল না।”
শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাকের মৃত্যুতে সংসদের এই আসনটি শূন্য হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৪৪ ঘ.
bdnews24