২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটি অর্থহীন: বিএনপি

রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনকে ‘অর্থহীন’ অভিহিত করে বিএনপি বলেছে, এতে রাজনৈতিক ‘সংকটের’ অবসান হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনকে ‘অর্থহীন’ অভিহিত করে বিএনপি বলেছে, এতে রাজনৈতিক ‘সংকটের’ অবসান হবে না। সোমবার বিকালে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন অর্থহীন হবে। এতে দেশের বর্তমান রাজনৈতিক সংকটের অবসান হবে না।” প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মদিবস উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিনই আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ায় আগামী নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এতে রাজনীতি আরো উত্তপ্ত এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের মাঝামাঝি। এ প্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন নির্বাচন কমিশন গঠনে নামের সুপারিশ তৈরি করতে চার সদস্যের সার্চ কমিটি গঠন করেন রোববার। নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর এ উদ্যোগ নেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতির আহ্বানে সংলাপ অর্থহীন হবে জেনেও আমরা তাতে যোগ দিয়েছিলাম এ জন্য যে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী ও রাষ্ট্রপতি পদকে সম্মান করে। “সংলাপে গিয়ে আমরা বর্তমান সংকট নিরসনে সর্বাগ্রে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে এসেছিলাম।” গত বছরের ৩০ জুন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা বাতিল করে। জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আরেক আলোচনা সভায় সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “সুপ্রিম কোর্টের রায়কে অপব্যাখ্যা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জোর করে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।” “এর আগে বাকশালী আইন করে তারা সারাজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো। তা সম্ভব হয়নি, জনগণ তা করতে দেয়নি।” ‘বোঝা যায় ষড়যন্ত্র কোথায়’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ব্যর্থ সেনা অভ্যুত্থানের সংবাদ প্রচারের পরপরই ভারতীয় আনন্দবাজার পত্রিকায় খালেদা জিয়া ও তার পুত্রকে জড়িয়ে খবর প্রকাশ করেছে। এ থেকে বোঝা যায়, ষড়যন্ত্র কোথা থেকে হয়েছে। দেশনেত্রী ও বিএনপিকে হেয় করতেই এরকম অপপ্রচার চালানো হচ্ছে।” কয়েকজন সেনা সদস্যের সরকার উৎকাতের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার খবর গত ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা ওই ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন। “প্রতিটি সেনা অভ্যুত্থানে আওয়ামী লীগ জড়িত”- এ দাবি করে ফখরুল বলেন, “১৯৭৫ সালে আওয়ামী লীগের একটি অংশ খন্দকার মোশতাকের নেতৃত্বে দেশে সামরিক শাসন জারি করেছিল। তাদের (আওয়ামী লীগ) মদদেই ১৯৮২ সালে এরশাদ নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল। বর্তমানে ওই ব্যক্তি তাদের জোটেই আছেন। জিয়া হত্যাকাণ্ডসহ সব ষড়যন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে।” ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এরপর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ধারাবাহিকতায় ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। পরের বছরের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি। “২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমেদের অবৈধ সরকার প্রতিষ্ঠা আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলেছিলেন শেখ হাসিনা”- এ মন্তব্য করে ফখরুল বলেন, “তাই যারা সেনা অভ্যুত্থান নিয়ে বিএনপির দিকে আঙ্গুল দেখায়, তাদের বলব- দয়া করে আয়নায় নিজেদের চেহারা দেখুন।” ব্যর্থ সেনা অভ্যুত্থান বিষয়ে তদন্ত চলছে, তাই এ নিয়ে তার দল কোনো কথা বলতে চায় না বলেও জানান ফখরুল। যদিও রোববার সংবাদ সম্মেলন করে সেনা অভ্যুত্থান প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি। বিএনপি তার ক্ষমতার মেয়াদ শেষে ২০০৭ সালে দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেয়। এ নিয়ে আওয়ামী লীগ কঠোর অবস্থান নিলে সংঘাতময় রাজনৈতিক পটভূমিতে দেশে জারি হয় জরুরি অবস্থা। ২০০৮ সালের ২৮ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার আগ পর্যন্ত দেশ শাসন করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যার নেতৃত্বে ছিলেন ফখরুদ্দীন আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরআর/পিডি/১৯৫৩ ঘ.