ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, তা চূড়ান্ত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার অভিযোগ গঠনের আদেশের জন্য এই দিন ঠিক করেছে।
মোট নয় ধরনের ৭৭টি অভিযোগ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে এই বিএনপি নেতার করা আবেদনের আদেশও ওই দিনই হবে।
সোমবার সালাউদ্দিনের আইনজীবী আহসানুল হকের বক্তব্যের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। গত ১৫ জানুয়ারি প্রসিকিউশন বিভাগের উত্থাপিত অভিযোগ গ্রহণের বিরোধিতা করেন তিনি।
আহসান বলেন, সালাউদ্দিন কাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানে এক জন জনপ্রিয় ব্যক্তি। তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, যা অতিরঞ্জিত।
মুক্তিযুদ্ধের পর সালাউদ্দিনের বিরুদ্ধে কেউ যুদ্ধাপরাধের অভিযোগ তোলেনি দাবি করে এত বছর পর এই ধরনের অভিযোগ আনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংকে হত্যার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে মামলা হয় বলেও নূতন চন্দ্র সিংয়ের ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন।
এছাড়া ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে।
সালাউদ্দিনের কৌঁসুলি বলেন, একাত্তরে প্রকৃত মানবতাবিরোধী অপরাধী পাকিস্তানের ১৯৫ সেনাকর্মকর্তা, যাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সালাউদ্দিনের অপরাধের ‘প্রমাণ’ ভিডিওচিত্র নিয়েও আপত্তি তোলেন তার আইনজীবী আহসান। তিনি বলেন, নির্যাতিত এক জনের স্বজন, যিনি এটিএন বাংলায় কাজ করেন, তিনি এটি নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।
সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনার ক্ষেত্রে তথ্যপ্রমাণের চেয়ে দৃষ্টিভঙ্গীই গুরুত্ব পেয়েছে বলে দাবি করেন তার কৌঁসুলি।
পূর্ববিরোধের কারণে চট্টগ্রামের দৈনিক আজাদী সালাউদ্দিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে বলেও তিনি দাবি করেন।
অভিযোগ গঠনের আদেশের আগে ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কারাগারে সালাউদ্দিন কাদেরের সঙ্গে তার কৌঁসুলিদের কথা বলার সুযোগও দিয়েছে।
ট্রাইব্যুনাল জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি সালাউদ্দিনের আইনজীবীরা চট্টগ্রামের বোয়ালখালী, রাউজান ও রাঙ্গুনিয়ায় গিয়ে তাদের মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে তাদের সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট তিন থানার ওসিকেও নির্দেশ দিয়েছে আদালত।
২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা।
এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত দল। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ১ হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/২১৫৫ ঘ.
bdnews24