ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ছাত্রদলের মানববন্ধনে পুলিশের বাধার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জনসমর্থন বেড়ে যাওয়ায় সরকার ‘অসহিষ্ণু’ হয়ে পড়েছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্য কয়েকটি সংগঠন মানববন্ধন করলেও বাধা পায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল।
পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাদের বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডাও হয়, আটক করা হয় কয়েকজনকে। পরে পুলিশি বেষ্টনিতে সংক্ষিপ্ত সমাবেশ হয়, যাতে নজরুলসহ বিএনপির কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “বিরোধী দলের কর্মসূচির পক্ষে জনসমর্থন বেড়ে যাওয়ায় দমন নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। ক্ষমতাসীনরা কর্মসূচি পালন করতে পারবে, আমাদের বেলায় বাধা; এর নাম গণতন্ত্র নয়।”
বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের মানববন্ধনে বাধা দেওয়া হলেও সাড়ে ১০টায় ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ এবং ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ফোরাম’ নামে দুটি সংগঠন একইস্থানে মানববন্ধন করে। তাদের কর্মসূচি শেষ হওয়ার পর ছাত্রদল মানববন্ধনের প্রস্তুতি নিয়েছিল।
সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সমানে জলকামান, প্রিজন ভ্যানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ছাত্রদলকর্মীরা দাঁড়াতে গেলে পুলিশ বাধা দেয়।
তখন বিএনপি নেতা নজরুল ইসলাম, জয়নুল আবদিন ফারুক ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রেসক্লাবের ফটকের সামনে গিয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে বাধা দেওয়ার কারণ জানতে চান।
পুলিশ কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বলতে পারবেন। উর্ধ্বতন কর্মকর্তাকে ডাকার কথা বলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা চলে যান।
একই সময়ে বিএনপি সমর্থক সংগঠন জাতীয়তাবাদী নাগরিক সংসদ তাদের নির্ধারিত মানববন্ধন কর্মসূচির জন্য দাঁড়ালে তাদেরও পুলিশ সরিয়ে দেয়।
এরপর ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ অন্যান্য নেতাদের নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালে পুলিশ তাদের ঘিরে রাখে।
এক পর্যায়ে ছাত্রদলের নেতারা ব্যানার খুললে পুলিশ তা টেনে নেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ব্যানার নিয়ে টানা হেঁচড়ার সময় পুলিশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নেয়।
এরপর পুলিশের বেষ্টনির মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল এই কর্মসূচি ডাকা হয়েছিল।
নজরুল বলেন, “ভারতীয় পত্রিকা বিরোধীদলীয় নেতা ও তারেক রহমানের বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে, সরকারের মন্ত্রীরাও সেই একই ভাষায় কথা বলছেন। এটা দুশ্চিন্তার ব্যাপার।”
ব্যর্থ সেনা অভ্যুত্থানে বিএনপি জড়িত বলে সরকারি দলের নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, ““আওয়ামী লীগই ষড়যন্ত্র করে সেনাবাহিনীর মাধ্যমে বার বার ক্ষমতায় এসেছে। বিএনপি শান্তিপূর্ণ উপায়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী।”
সীমান্ত হত্যা ও নির্যাতনের বিষয়ে সরকারের ‘নীরব’ ভূমিকারও সমালোচনা করেন নজরুল। বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এ্যানিও সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24