বগুড়া, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে সদস্য করে বগুড়া জেলা বিএনপির ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার নয় মাস পর এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় কমিটির ঘোষণা দেওয়া হয়।
এই কমিটিতে ২৬ জনকে উপদেষ্টামণ্ডলীর সদস্য, ২০ জন সহ-সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির তালিকায় উপদেষ্টা কমিটিতে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের রাখা হলেও তিনজন সাবেক সাংসদকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।
বাদপড়ারা হলেন- জিএম সিরাজ, জিয়াউল হক মোল্লা ও সাবেক হুইপ রেজাউল বারী ডিনা।
ফ্যাক্স বার্তায় পাঠানো কমিটিতে খালেদা জিয়াকে ১১৩ ও তারেক রহমানকে ১১৪ নম্বর সদস্য করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে সম্মানিত সদস্য করা হয়।
গত বছর ৭ এপ্রিল সাইফুল ইসলামকে বগুড়া জেলা কমিটির সভাপতি এবং জয়নাল আবেদীন চানকে সাধারণ সম্পাদক ও মীর শাহে আলমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০১২৩ ঘ.
bdnews24