২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের যুদ্ধাপরাধ নথিতে পৃষ্ঠাক্রম নেই

গোলাম আযমের যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তৈরি করা নথিতে কোনো পৃষ্ঠা নম্বর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 06:50 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তৈরি করা নথিতে কোনো পৃষ্ঠা নম্বর নেই। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আইনজীবী এম তাজুল ইসলাম বিষয়টি রোববার শুনানির শুরুতে ট্রাইব্যুনালের নজরে আনেন। জবাবে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক কৌতুকের সুরে তাজুলকে বলেন, “তাহলে আপনি নিজেই নম্বর দিয়ে নিন।” তাজুল বলেন, পৃষ্ঠা নম্বর না থাকায় বিচার কার্যক্রমে নথির কোনো নির্দিষ্ট পৃষ্ঠা উল্লেখ করা সম্ভব নয়। এ সময় তাকে ট্রাইব্যুনাল চেয়ারম্যান আশ্বস্ত করেন যে তিনি কৌতুক করে তাকে নিজেকে পৃষ্ঠা নম্বর দেওয়ার কথা বলেছিলেন। বাদি-বিবাদি দুপক্ষকে একসঙ্গে বসে বিষয়টি সমাধান করে নেওয়ার পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে তাজুল পরামর্শ দেন প্রসিকিউশন পৃষ্ঠা নম্বরসহ নথির একটি সেট ট্রাইব্যুনালের নিবন্ধকের কার্যালয়ে জমা দিলে তারা সেখান থেকে কপি করে নেবেন। এ বিষয়ে প্রসিকিউশনের কোনো পরামর্শ আছে কি না তা জানতে চান ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তিনি বলেন, পৃষ্ঠা নম্বর শুধু আসামি পক্ষের নয়, ট্রাইব্যুনালের জন্যও প্রয়োজনীয়। মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমকে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১১ জানুয়ারি কারাগারে পাঠানোর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে গোলাম আযম হাসপাতালেই রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী এ জামায়াত নেতা ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই গোলাম আযমের যুদ্ধাপরাধের নথি ফটোকপি করতে গিয়ে চলতি মাসে রাজধানীর নীলক্ষেতে পুলিশের হাতে আটক হন তাজুল ইসলামের এক সহকারী। পরে ওই আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সহকারীকে ছেড়ে দিতে পুলিশকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। কারাগারে আটক জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে তাজুলের সঙ্গে সাক্ষাতের সময় কারা কর্মকর্তাদের উপস্থিত না থাকতে আদালতের দেওয়া নির্দেশনার প্রসঙ্গও রোববার তোলেন তাজুল ইসলাম। তিনি বলেন, কারা কর্মকর্তারা তাকে আধ ঘণ্টার বেশি থাকতে দেননি। ট্রাইব্যুনালের নির্দেশে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি উল্লেখ করে তাজুল বলেন, “কারাবিধি অনুযায়ী দর্শনার্থীরা আধঘণ্টার বেশি থাকতে পারে না।” ট্রাইব্যুনাল চেয়ারম্যান তখন বলেন, “আমরা তো বলেছি আইনজীবীরা প্রয়োজনীয় বই ও নথি নিয়ে যেতে এবং বিস্তারিত আলোচনা করতে পারবে। “মাত্র আধঘণ্টায় আলোচনা হবে কীভাবে?” এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবীর আবেদনে দুয়েকদিনের মধ্যে আদেশ দেওয়া হবে বলে উল্লেখ করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। য্দ্ধুাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আরো যেসব শীর্ষ নেতা আটক রয়েছেন তারা হলেন- আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। এদের সবার হয়ে মামলা লড়ছেন তাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিডি/০০৫০ ঘ.