২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার কল্পকাহিনী তৈরি করছে: বিএনপি

সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের দিকে অভিযোগের আঙুল তোলার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন ‘কল্পকাহিনী’ তৈরি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের দিকে অভিযোগের আঙুল তোলার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন ‘কল্পকাহিনী’ তৈরি করছে। শনিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থিতিতে ফখরুল বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা ’৭৪ সালে বাকশাল প্রতিষ্ঠা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। এবার ভিন্ন লেবাসে তারা একই কাজ করছে।” “গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আজ তারা বিভিন্ন কল্পকাহিনী এবং ঘটনার সৃষ্টি করছে। আমাদের এ ব্যপারে সতর্ক থাকতে হবে”, যোগ করেন তিনি। দেশের ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ রক্ষায় খালেদা জিয়ার ‘লড়াইয়ের ডাকে’ সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান এই বিএনপি নেতা। সেনাবাহিনী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে। ওইদিনই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তাদের (বিরোধী দল) বক্তৃতা, বিবৃতি একবার অ্যানালাইসিস করা হলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেশের মানুষের কাছে।” বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কিছু বলার থাকলে তা সংসদে এসে বলুন। ভিন্ন পথ খুঁজে ক্ষমতায় যাওয়া বাংলাদেশে আর হবে না ইনশাল্লাহ।” কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে ধারণা ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সঙ্গে শহীদ জিয়ার নাম ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। তিনি ছিলেন এই জাতির প্রেরণার উৎস। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা। তাই বর্তমানে গণতন্ত্রের দুরাবস্থা থেকে রক্ষা পেতে জিয়াকে আমাদের বেশি করে স্মরণ করতে হবে।” বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি রাজিয়া ফয়েজ, চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে সুবিধা দিচ্ছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “ভারতকে সরকার করিডোর দিয়ে দিয়েছে। বন্দর সুবিধাও দিয়েছে। আমাদের নদ-নদীর উজানে তারা (ভারত) বাঁধ নির্মাণ করছে। সীমান্তে প্রতিনিয়ন হত্যাকাণ্ড হচ্ছে। কিন্তু কোনো কিছুর বিষয়ে সরকার প্রতিবাদ করে না।” মির্জা ফখরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাবেক সচিব আসাফউদ্দৌলা, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯০৬ ঘ.