পটুয়াখালী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা সরকার উৎখাতের কথিত পরিকল্পনাকারী মেজর সৈয়দ জিয়াউল হকের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছে পটুয়াখালী পুলিশ।
‘পলাতক’ জিয়ার সন্ধানে শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের তিতাস সিনেমা হল সংলগ্ন মরহুম মোখলেছুর রহমানের বাসায় এই অভিযান চালানো হয়।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পলাতক মেজর জিয়াকে আটকের উদ্দেশ্যেই অভিযান পরিচালিত হয়েছিল। তবে তাকে পাওয়া যায়নি।
ওই বাড়িতে শুধু জিয়ার শাশুড়ি ছিলেন। জিয়ার স্ত্রী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
বিএমএ’র ৪১তম লং কোর্স সম্পন্নকারী জিয়ার বাড়ি মৌলভীবাজার জেলায়। মেজর পদমর্যাদা নিয়ে এই কর্মকর্তা মিরপুর সেনানিবাসে এমআইএসটি, লজিস্টিক এরিয়ায় কর্মরত ছিলেন।
সেনাবাহিনী বলছে, জিয়া নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে জিয়ার সম্পৃক্ততা রয়েছে। তার অভ্যুত্থানচেষ্টার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হলেও এই মেজর পলাতক রয়েছেন।
শেখ হাসিনা সরকার উৎখাতে অভ্যুত্থানচেষ্টার জন্য জিয়ার সক্রিয় অংশগ্রহণের কথা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানালেও গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের সাইটে আলোচনায় ছিলেন তিনি।
কয়েক সপ্তাহ আগে জিয়া তার পরিচিতদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় বলেছিলেন, “তাকে সাভার থেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা অপহরণ করেছিল। দুই দিন আটকে থাকার পর কৌশলে তিনি পালিয়ে আসেন।”
আবার অপহরণের চেষ্টা হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এজন্য তিনি আত্মগোপনে রয়েছেন।
তবে মেজর জিয়ার এই বক্তব্য কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। অভ্যুত্থান চেষ্টার ঘটনাটি সেনাবাহিনী তদন্ত করছে। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/০০১৫ ঘ.
bdnews24