২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রে ইন্ধনদাতাদেরও শাস্তি হতে হবে: টুকু

সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িতদের পাশাপাশি এতে ইন্ধনদাতাদেরও শাস্তি দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

পাবনা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িতদের পাশাপাশি এতে ইন্ধনদাতাদেরও শাস্তি দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। শেখ হাসিনা সরকার উৎখাতে কতিপয় সেনা কর্মকর্তার অভ্যুত্থানের চেষ্টা নস্যাতের কথা সেনাবাহিনী জানানোর পরদিন শুক্রবার পাবনায় তিনি সাংবাদিকদের বলেন, “যাদের ইন্ধনে এই ধরনের ষড়যন্ত্রমূলক আত্মঘাতী কর্মকাণ্ড, তাদেরও বিচার হওয়া দরকার।” সেনাবাহিনী জানিয়েছে, ধর্মান্ধ কতিপয় সেনা কর্মকর্তার অভ্যুত্থান চেষ্টায় প্রবাসী কয়েকজনের ইন্ধন রয়েছে। এই পরিকল্পনায় ধর্মীয় কট্টর একটি গোষ্ঠী, অতীতের গণতন্ত্র ধ্বংসের বিভিন্ন অপশক্তিও জড়িত রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, “আমরাও বুঝি, কারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়।” এরপরই তিনি বলেন, “যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়, যারা যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্য বিবৃতি দেয়, আন্দোলনের হুমকি দেয়, সরকার পতনের হুমকি দেয়, তাদের সম্পর্কে গোটা জাতি আজ সতর্ক।” সাঁথিয়া ও বেড়া উপজেলায় ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রীর কথা হয়। সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধের ক্ষেত্রে সরকারের সক্রিয় তৎপরতা রয়েছে জানিয়ে টুকু বলেন, “আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার কারণে ভারত সরকারের পক্ষ থেকে শুধু দুঃখ প্রকাশই নয়, বিএসএফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এটি কিন্তু আমাদের সরকারের কূটনৈতিক সফলতা।” গত ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক যুবককে আটকে রেখে নির্যাতনের খবর গত ১৮ জানুয়ারি ভারতের সংবাদ মাধ্যমে প্রচার হলে আট বিএসএফ সদস্যকে বরখাস্ত করা হয়। পরদিন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। জঙ্গি কার্যক্রমের বিষয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জঙ্গি সংগঠনগুলোকে যেন দেশের কোনো ব্যাংকের পক্ষ থেকে অর্থ বিনিয়োগ না করা হয়, সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১২ ঘ.