২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইতিহাসে শহীদ আসাদ ধ্রুবতারা'

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের এই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশ। আসাদ স্মরণে রাষ্ট্রপতি বলেছেন, তিনি বাংলাদেশের ইতিহাসের ধ্র“বতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊনসত্তরে যার আত্মত্যাগ বাঙালির স্বাধিকারের আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছিলো সেই আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানকে বাংলার ইতিহাসে ‘ধ্র“বতারা’ আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শুক্রবার শহীদ আসাদ দিবসের বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এদিন শহীদ আসাদকে স্মরণ করেছে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা মিছিল বের করে। ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিলে গুলি চালালে নিহত হন ছাত্র ইউনিয়নের নেতা আসাদ। তার মৃত্যুতে আন্দোলন অভ্যুত্থানে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কারাবন্দি রাজনৈতিক নেতারা, পতন ঘটে আইয়ুব খানের। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে আসাদ এক ধ্র“বতারা। সেদিনের আন্দোলন পরবর্তীকালে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।” রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের শাসকদের বৈষম্যমূলক আচরণ এবং শোষণ-নির্যাতনে বাংলার মানুষ যখন দিশেহারা তখন বঙ্গবন্ধুর ছয় দফা বাঙালির মুক্তির দিশারী হয়ে আবির্ভূত হয়। আইয়ুব শাসনের বিরুদ্ধে গর্জে উঠে সারা দেশের মানুষ। এ সময় জনতার সমাবেশে গুলি চালালে নিহত হন আসাদ। আইয়ুব শাসনের পতন ঘটে।” স্বাধীনতা ও গণতন্ত্রে জন্য আসাদের আত্মদান পরবর্তীতে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন খালেদা জিয়া। তিনি বলেন, “তিনি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন।” ঢাকায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নরসিংদীর শিবপুরে আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিবপুরের সরকারদলীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ফুল দেন আসাদের কবরে। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে ফুল দেন বিএনপি নেতাকর্মীরা। শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় আসাদের জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংসদ সদস্য জহিরুল হক মোহন, শিবপুর আওয়ামী লীগের সভাপতি হারুন অর-রশিদ, সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম। অপরদিকে শিবপুর পাইলট স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ হামদর্দ এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, খায়রুল কবির খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএম/এএল/এমআই/১৬৪৪ ঘ.