২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যায় উপজেলা চেয়ারম্যান জড়িত থাকতে পারেন’

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান হত্যায় নিজেকে নির্দোষ দাবি করে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের দুদিনের মাথায় এ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সন্দেহের কথা জানিয়েছেন নিহতের বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান হত্যায় নিজেকে নির্দোষ দাবি করে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের দুদিনের মাথায় এ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সন্দেহের কথা জানিয়েছেন নিহতের বাবা। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত ইউপি চেয়ারম্যান মো. নুরুল আবছারের বাবা আহমদ হোসেন বলেন, “এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান মোনাফ জড়িত থাকতে পারেন বলে আমার সন্দেহ হয়।” গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আবছার নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি উত্তর সাতকানিয়া এলাকার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। সংবাদ সম্মেলনে আহমদ হোসেন বলেন, “এ হত্যা মামলায় গ্রেপ্তারদের বরাত দিয়ে সংবাদপত্রে তার (মোনাফ) জড়িত থাকার কথা উঠে এসেছে।” তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান আব্দুল মোনাফ জড়িত থাকতে পারেন উল্লেখ করে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। এছাড়া স¤প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধিতাকারীরাও এ হত্যার ঘটনায় জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করেন তিনি। গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যান মোনাফ বলেন, নুরুল আবছার হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আবছার নিহত হওয়ার পরদিন তার জানাজায় অংশ নিতে গিয়ে পিটুনিতে আহত হন আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান মোনাফ। এ মামলায় এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বেশ কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। সংবাদ সম্মেলনে নিহতের ছোট ভাই নুরুল আকতার, মহিউদ্দিন ও নেজাম উদ্দিন ভুট্টো, ছোট বোন শামীম আক্তার এবং দুই সন্তান জায়েদ আবছার দীপ ও নওশীন আক্তার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২২৫৮ ঘ.