ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু শীর্ষ যুদ্ধাপরাধী নয়, জামায়াতে ইসলামীরও বিচার দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির।
নির্মূল কমিটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “ন্যুরেমবার্গ ট্রায়ালে ২১ জন ব্যক্তির পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে ৬টি সংগঠনেরও বিচার হয়েছিলো।”
“সেক্ষেত্রে ১৯৭১ এ দলটি (জামায়াতে ইসলামী) সরাসরি এদেশের স্বাধীনতার বিরোধিতা করলেও কেন জামায়াতের বিচার হবে না?”
যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখনো কিছু ‘অসম্পূর্ণতা’ আছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসিকিউশনে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, “আমাদের পর্যাপ্ত সংখ্যক দক্ষ আইনজীবী, গবেষণা সেল, আইটি সেল, দক্ষ তদন্ত কর্মকর্তা এবং ম্যানিলা ও রুয়ান্ডা ট্রাইব্যুনালের কাগজপত্র লাগবে। প্রসিকিউটর লাগবে কমপক্ষে ৫০ জন।”
বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যনির্বাহী সভাপতি মইনুদ্দিন খান বাদল এবং নির্মূল কমিটির সহ-সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২১৮ ঘ.
bdnews24