ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার জামিনের আদেশ কেন বাতিল করা হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
বিবাদী ও সরকারকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
লোকমানের ভাই ও হত্যা মামলার বাদি কামরুজ্জামান কামরুলের এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি সিদ্দীকুর রহমান মিয়া ও বিচারপতি একেএম শহিদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছরের ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লোকমান। কামরুজ্জামান এরপর মোন্তাজসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
কামরুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মমিন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম জাহিদ সারোয়ার কাজল।
কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোন্তাজ ২৯ ডিসেম্বর নরসিংদীর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে ৩ জানুয়ারি আদালত তার জামিন মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে কামরুজ্জামান হাইকোর্টে গত সপ্তাহে আবেদন করেন।
আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন জামিন পাওয়ার পর আপিল করে নির্বাচনে অংশ নেওয়ারও ছাড়পত্রও নেন। বৃহস্পতিবার পৌর মেয়র পদে উপনির্বাচনে বিজয়ী হন লোকমানের ছোট ভাই কামরুজ্জামান।
এ নির্বাচনে প্রায় ২২ হাজার ভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোন্তাজকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮২৩ ঘ.
bdnews24