ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম এ হাশেম ও মোসাদ্দেক আলী ফালুর মামলা বাতিল করেছে হাইকোর্ট।
পৃথক দুটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেয়।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে পৃথকবাবে মামলা দুটি করে।
আদেশের পর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি আদেশের বিরুদ্ধেই আমরা আপিল বিভাগে যাব।”
২০০৭ সালের ১৮ ফেব্র“য়ারি মোসাদ্দেক আলী ফালুকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে ২০০৭ নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন।
পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একই বছরের ৮ জুলাই তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। পরের বছরের ১৪ ফেব্র“য়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
অন্যদিকে সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদক ২০০৭ সালের ৩ জুলাই পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাশেমকে চিঠি দেয়। পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৭ সালের ৫ ডিসেম্বর রমনা থানায় মামলা করে দুদক। পরের বছরের ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়।
দুজনই মামলা বাতিলে পৃথকভাবে (কোয়াশমেন্ট পিটিশন) আবেদন করলে হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে ২০০৯ সালের ২০ জুলাই উভয়ের রুল জারি করে। রুলে ওই মামলা বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার উভয় মামলা বাতিল করা হল।
খুরশীদ আলম বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছে, সম্পদের হিসাব চেয়ে তাদেরকে নতুন করে নোটিশ দিতে কোন বাধা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮০০ ঘ.
bdnews24