২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আযমকে ফলমূল না খাইয়ে কারাগারে পাঠান’

যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযমকে হাসপাতালে রেখে ‘ফলমূল’ না খাইয়ে কারাগারে পাঠানোর পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক গোলাম আযমকে হাসপাতালে রেখে ‘ফলমূল’ না খাইয়ে কারাগারে পাঠানোর পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘যুদ্ধাপরাধের বিচার দ্রুত করার দাবিতে’ শিক্ষক সমিতির এক মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মিজানুর বলেন, “তাকে (গোলাম আযম) যে হাসপাতালে রাখার প্রয়োজন নেই, মেডিক্যাল বোর্ড এটা ঘোষণা দেওয়ার পরও কেন তাকে এখনো কারাগারে না পাঠিয়ে হাসপাতালে রাখা হচ্ছে? ফলমূল না খাইয়ে তাকে কারাগারে পাঠানো হোক।” যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মিজানুর। মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমকে গত ১১ জানুয়ারি কারাগারে পাঠানোর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে গোলাম আযম হাসপাতালেই রয়েছেন। অভিযোগ উঠেছে, স্বাস্থ্য পরীক্ষার নামে কালক্ষেপণের মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর তাত্ত্বিক নেতা গোলাম আযমকে হাসপাতালে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ যুদ্ধাপরাধীদের বিচার কার্য দ্রুত বাস্তবায়নের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বিচার বানচালের বিভিন্নমুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। গোলাম আযম ছাড়াও জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫০ ঘ.