ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএমএসে ফল ঘোষণার পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে ভোট শেষ হওয়ার মাত্র ছয় মিনিটের মাথায়। এ পর্যন্ত ঘোষিত সাত কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন নিহত মেয়র লোকমান হোসেনের ভাই কামরুজ্জামান কামরুল।
নরসিংদীর এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সবার প্রথমে আসে শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের ফল। এতে কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৮৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার ভোট ২১১টি, যিনি লোকমান হত্যা মামলার আসামি।
বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার ১০ মিনিটের মাথায় পাওয়া যায় দত্তপারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ১ ও ২ এবং সকারি রেডিয়েন্ট স্কুলের ফল।
এ পর্যন্ত পাওয়া সাত কেন্দ্রের ফলাফলে কামরুল পেয়েছেন ৫২৬১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোন্তাজ ২৬৩৮ ভোট পেয়েছেন।
ভোটের ফল দ্রুত প্রকাশে মোবাইলে এসএমএসের মাধ্যমে কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহের ‘পরীক্ষামূলক’ এই কার্যক্রম হাতে নেয় নির্বাচন কমিশন (ইসি)। নরসিংদীতেই প্রথমবারের মতো এ পদ্ধতি প্রয়োগ করা হলো।
এ পদ্ধতি বাস্তবায়নে নির্বাচন কমিশনকে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইসিটি)।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পৌর মেয়রের পদটি শূন্য হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন লোকমান।
এই পদে উপ নির্বাচনে লোকমানের ভাই কামরুজ্জামান কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়াইয়ে রয়েছেন। মোন্তাজের প্রতীক আনারস।
অপর চার প্রার্থী হলেন আমজাদ হোসেন ভূঁইয়া (দেওয়াল ঘড়ি), হাজী আফজাল হোসেন মোল্লা (টেলিফোন), আরিফুল ইসলাম (চশমা) এবং মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত কলম)।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩১টি কেন্দ্রের ১৯৮টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয় এ নির্বাচনে। ভোটার সংখ্যা ছিল ৭৭ হাজার ৫৮১ জন।
এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব মিলিয়ে ৭০ শতাংশের মতো ভোট পড়বে বলে আশা করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭০০ ঘ.
bdnews24