ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।
বৃহস্পতিবার কোকোর আইনজীবী এ মামলায় অভিযোগ গঠনের শুনানি জন্য সময় চাইলে আগামী ৬ ফেব্র“য়ারি নতুন তারিখ ধার্য করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।
এ নিয়ে একাদশ বারের মতো এ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হলো।
কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময় আবেদনে বলেন, মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ২০১০ সালের ৯ জুলাই হাইকোর্ট এ ব্যাপারে রুল জারি করেন। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি করা সম্ভব নয়।
২০১০ সালের ১ মার্চ কোকোর বিরুদ্ধে এ মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন।
মামলায় বলা হয়, কোকো আয়কর বিবরণীতে ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দেন।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার কোকো পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে থাইল্যান্ড যান। তার অনুপস্থিতিতে ২০১০ সালের ২৩ জুন মুদ্রা পাচারের একটি মামলায় তার ছয় বছর সশ্রম কারাদণ্ড হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫০৮ ঘ.
bdnews24