নরসিংদী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত মেয়র লোকমান হোসেনের উত্তরসূরির খোঁজে শান্তিপূর্ণ ভোট চলছে নরসিংদী পৌরসভায়।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় প্রথম পাঁচ ঘণ্টায় কেন্দ্রগুলোতে গড়ে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম।
সকালে দুটি কেন্দ্রের বাইরে মৃদু উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের গোলোযোগের খবর পাওয়া যায়নি কোথাও। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ৩১টি কেন্দ্রের ১৯৮টি কক্ষে এ নির্বাচনে অংশ নেবেন ৭৭ হাজার ৫৮১ জন ভোটার।
শীতের সকালে শুরুতে কেন্দ্রগুলোতে উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। শালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে অধীর আগ্রহে লাইনে অপেক্ষা করছেন পৌরবাসী নারী-পুরুষেরা।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহনাজ সুলতানা বেলা ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেবল একটি পদে নির্বাচন হওয়ায় এবং ইভিএমের কারণে ভোট চলছে দ্রুত গতিতে।”
তার বুথে ৩৭৭টি ভোটের মধ্যে ওই সময় পর্যন্ত ১৬২টি ভোট পড়েছে বলে জানান শাহনাজ।
পাশের বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সোনিয়া ইসলাম জানান, তার বুথে ৩৭৬টি ভোটোর মধ্যে ১২টা পর্যন্ত পড়েছে ১৮৬টি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “সবগুলো কেন্দ্র ঘুরে বেলা ১টা পর্যন্ত গড়ে ৪৫ থেকে ৫০ শতাংশের মতো ভোট পড়ার তথ্য পেয়েছি আমরা।”
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পৌর মেয়র পদটি শূন্য হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন লোকমান।
ওই পদে উপ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে রয়েছেন লোকমানের ভাই কামরুজ্জামান কামরুল, যিনি লোকমান হত্যামামলার বাদি। অন্যদিকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, যিনি এই হত্যামামলারই আসামি।
কাপ পিরিচ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান সকালে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করলেও মধ্য কান্দাপাড়া কেন্দ্রে তার প্রার্থীকে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে মোন্তাজ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেছেন, বিদ্যা সুন্দরী বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ ও মধ্য কান্দাপাড়া কেন্দ্রে তার সমর্থক ভোটারদেরই ভয়ভীতি দেখানো হয়েছে।
তবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আনারস প্রতীকের এই প্রার্থী। তিনি ভোট দিয়েছেন নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
এছাড়া এ নির্বাচনের অপর চার প্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া (দেওয়াল ঘড়ি), হাজী আফজাল হোসেন মোল্লা (টেলিফোন), আরিফুল ইসলাম (চশমা) এবং মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত কলম) নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে আসা বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করলেও নতুন এ প্রযুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে স্থানীয় বাসিন্দা কাজী সেলিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিপ দিলেই ভোট হয়ে যায়। কোনো ঝামেলা নেই।”
নির্বাচনে ইভিএম তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা বুয়েটের অধ্যাপক লুৎফুল কবীর জানান, সকাল থেকে সবগুলো কেন্দ্রই তিনি ঘুরে দেখেছেন। কোথাও ইভিএম নিয়ে জটিলতার কোনো তথ্য পাননি।
আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা মেজর সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপ্রাপ্তবয়স্ক ৬ জন সকালে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এছাড়া দু একটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে মৃদু কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তবে বড় কোনো গোলোযোগ হয়নি।
দুই প্রার্থীর অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে লোক পাঠানো হলেও সত্যতা মেলেনি বলে উল্লেখ করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মু. আবদুল অদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ওয়েব ক্যামেরা বসানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে কেন্দ্রগুলোর পরিস্থিতি।
গোটা পৌরসভায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খ. মহিদ উদ্দিন বলেন, এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ সদস্যের সঙ্গে রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য। এছাড়া প্রায় আড়াইশ’ র্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। রয়েছেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/১৩০৬ ঘ.
bdnews24