ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষীর অসুস্থতার কারণে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বুধবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘপথ যাত্রা করে ঢাকায় আসার পর শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি মামলার পঞ্চদশ সাক্ষী ৮০ বছর বয়সী মধূসুদন ঘরামি।
এরপর ট্রাইব্যুনালের কার্যক্রম ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
এ মামলার চতুর্দশ সাক্ষী হিসেবে পিরোজপুরের পল্লী চিকিৎসক আব্দুল হালিম বাবুল মঙ্গলবার ট্রাইব্যুনালের কাছে সাঈদীর যুদ্ধঅপরাধেল বিবরণ দেন।
মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/জেকে/১৬০৪ ঘ.
bdnews24