ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘ভুল নীতির’ কারণে পুঁজিবাজারে বারবার ‘বড় দরপতন’ হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার নতুন নতুন আইন-কানুন করার কারণে পুঁজিবাজারে ধস চূড়ান্ত পর্যায়ে নেমে এসেছে। সরকারি কর্মকর্তারা এই বাজারে বিনিয়োগ করতে পারবেন না- এরকম সিদ্ধান্তের কথা ঘোষণার পর বাজার মঙ্গলবার বন্ধ হয়ে যায়।”
“আজ [বুধবার] আবার বাজার চালু হলেও নতুন করে বড় দরপতন ঘটেছে। এভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে,” যোগ করেন তিনি।
“দেশের অর্থনীতি বিপর্যস্ত, কোনো বিনিয়োগ নেই” মন্তব্য করে তিনি বলেন, “কর্মসংস্থানও নেই। সরকার দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। মূল্যস্ফীতি বেড়েই চলেছে। কোনো ক্ষেত্রে সরকারের সফলতা নেই।”
মঙ্গলবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক ব্যবসা না করা বিষয়ে বিদ্যমান আইন কঠোরভাবে অনুসরণে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ নিয়ে ‘বিভ্রান্তির’ প্রেক্ষিতে মঙ্গলবার লেনদেন স্থগিত করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হয়নি- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মো. খায়রুল হোসেনের বুধবার এ কথা বললেও বড় দরপতন হয় ঢাকার পুঁজিবাজারে। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
দেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ না থাকলেও আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছে।
বৃহস্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা হয়।
বর্তমান সরকার ‘নতজানু’পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অভিযোগ করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল বলেন, “তারা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তা সঠিক নয়। কারণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী ও প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নাম আওয়ামী লীগ উচ্চারণই করে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে তারা রাজাকার বলেছে।
“আওয়ামী লীগের চেতনা হলো দেশকে পরনির্ভরশীল করার চেতনা।”
সরকার হঠানোর চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি গণমিছিল ও ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24