২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যর্থতায় পুঁজিবাজার অস্থিতিশীল: মোশাররফ

পুঁজিবাজারের অস্থিতিশীলতার জন্য সরকার ও অর্থ মন্ত্রণালয়ের ‘ব্যর্থতাকেই’ দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিতিশীলতার জন্য সরকার ও অর্থ মন্ত্রণালয়ের ‘ব্যর্থতাকেই’ দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের অযোগ্যতা ও অর্থ মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে বর্তমানে পুঁজিবাজার বিপর্যস্ত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ যারা লুট করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই বাজারে এভাবে দরপতন হচ্ছে।” পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা হয়। বুধবার লেনদেন শুরু হয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ। জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোশাররফ বলেন, “তিনি ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক। সংবিধানে পরিবর্তন এনে জনগণের আশা-আকাক্সক্ষা প্রতিফলন ঘটিয়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন।” নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের অবসান হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি এই নেতা বলেন, “আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা আগে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত চাই। নইলে আমাদের আন্দোলন করা ছাড়া বিকল্প কিছুই থাকবে না।” সংগঠনের সভানেত্রী খালেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম দোলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৪৫০ ঘ.