শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রংপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা অভিমুখে লং মার্চে ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্দোলনের ঝড় তোলা হবে।
বুধবার পৌনে ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে থেকে লং মার্চের দ্বিতীয় দিনের যাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, “১৯৯০ সালের ৫ অগাস্ট তিস্তা ব্যারেজ উদ্বোধন করলেও সরকার তিস্তা চুক্তি করতে পারেনি। আমরা এই কর্মসূচির মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলবো। তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই।”
তিস্তা অভিমুখে লং মার্চকে দেশের প্রতিটি মানুষের কর্মসূচি হিসেবে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করবো সব দল ও মানুষ এ কর্মসূচিতে সমর্থন দেবে। মানুষের মধ্যে সুখ নেই, শান্তি নেই। আমাদের এই প্রতিবাদের কণ্ঠ ভারতে পৌঁছাক।”
রংপুর থেকে লং মার্চ করে নীলফামারীর তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে দুপুর ৩টায় জনসভা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। মাঝে কয়েকটি পথসভাতেও কথা বলবেন তিনি।
এরশাদ বুধবার আবারো বলেছেন, ‘সময়মতো’ তিনি মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ দায়িত্ব আমার ওপর ছেড়ে দেন, সময় মতো ঘোষণা দেব।”
এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় দলীয় কার্যালয় থেকে এরাশাদের নেতৃত্বে লং মার্চের গাড়ি বহর যাত্রা শুরু করে। গভীর রাতে রংপুর পৌঁছানোর আগে ১৫টি পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান। আশুলিয়ার পর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে পথসভার পর রংপুরের মিঠাপুকুরে শেষ সভাটি হয়।
ঢাকা থেকে দুই হাজার গাড়ি নিয়ে যাত্রা শুরু করলেও রংপুর থেকে বুধবার আরো দুই হাজারের মতো গাড়ি লং মার্চের বহরে যোগ হয়। নানারকম বাদ্যযন্ত্রের পাশাপাশি লং মার্চের সামনে ট্রাকে বহন করা হয় একটি বিশাল আকৃতির লাঙ্গল।
রংপুরে নিজের বাড়ি পল্লী নিবাসে রাত কাটান এই সাবেক রাষ্ট্রপতি।
এর আগে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট অভিমুখে একই ধরনের লংমার্চ করেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/১২৩০ ঘ.
bdnews24