২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষক হত্যা: অভিযোগপত্রে ছাত্রলীগ নেতা বাদ

বরিশালের গৌরনদীতে প্রাথমিক শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

বরিশাল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদীতে প্রাথমিক শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সোমবার বরিশালের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। মঙ্গলবার হাকিম তসলিম আরিফ অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী ২২ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন বলে আদালত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরেশ জানান। এদিকে এ অভিযোগপত্রের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী শাহজালাল জমাদ্দার। মামলার নথি থেকে জানা যায়, গৌরনদীর দক্ষিণ পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ জমাদ্দার (২৫) গত বছরের ২২ সেপ্টেম্বর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। তিনি গৌরনদীর চাদশী গ্রামের বাসিন্দা প্রয়াত মোফছের জমাদ্দারের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই শাহজালাল জমাদ্দার উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ ও কর্মী কাজল হালাদারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দেওয়া অভিযোগপত্রে মো. নয়ন শরীফ ও কাজল হাওলাদারকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। অভিযোপত্রে একমাত্র অভিযুক্ত হলেন পিঙ্গলাকাঠি গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম সরদার ওরফে কালু। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কালুর জবানবন্দি অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়েছে। নয়ন ও কাজলের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়। মামলার বাদী শাহজালাল জমাদ্দার বলেন, এই অভিযোগপত্রের বিরুদ্ধে না রাজি দেওয়া হবে। একইসঙ্গে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের আবেদন করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১২ ঘ.