২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আযমকে ভালো খাইয়ে সুস্থ রাখতে হবে’

গোলাম আযমকে মামলার স্বার্থে প্রয়োজনে ‘ভালো খাইয়ে সুস্থ রাখতে’ হবে বলে মনে করেন শাহরিয়ার কবির। তার সঙ্গে কথা বলেছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমকে মামলার স্বার্থে প্রয়োজনে ‘শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রেখে, ভালো ভালো খাবার খাইয়ে সুস্থ রাখতে’ হবে বলে মন্তব্য করেছেন শাহরিয়ার কবির। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত অন্যতম সংগঠন একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটির এ কার্যকরী সভাপতি বলেছেন, “জামায়াত যে কোনো কিছু করতে পারে। কারাগারে গোলাম আযমকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু গোলাম আযম মরে গেলে তো আর বিচার হবে না। মরা মানুষের বিচার হয় না।” “আমরা চাই- যে করেই হোক গোলাম আযম বেঁচে থাক। বিচারটা দেখে যাক। তাকে বিচারের মুখোমুখি করতে হবে,” যোগ করেন তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে স্বাস্থ্য পরীক্ষার নামে কালক্ষেপণের মাধ্যমে হাসপাতালে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে- এমন অভিযোগের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন শাহরিয়ার কবির। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে প্রিজন সেলে থাকা গোলাম আযমের দুদিন আগে এমআরআই করার কথা থাকলেও মঙ্গলবার পর্যন্ত তা হয়নি। একদিন আগে তার এক্সরে হলেও তা দেখেননি সংশ্লিষ্ট চিকিৎসক। এ সব নিয়ে মেডিক্যাল বোর্ড, হাসপাতাল কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষ একে অন্যের ওপর দায় চাপিয়ে বক্তব্য দেয়। জামায়াতের তাত্ত্বিক নেতা গোলাম আযমের স্বাস্থ্য ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়ে শাহরিয়ার কবির বলেন, “কারা হেফাজতে তার কিছু হলে তাতে সরকার বেকায়দায় পড়ে যাবে।” ৮৯ বছর বয়সী গোলাম আযমের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা জরুরি বলে মনে করেন যুদ্ধাপরাধ বিচার আন্দোলনের এ নেতা। তিনি বলেন, “প্রয়োজন হলে কক্ষটিতে এসি ফিট করে, ভালো খাবার খাওয়াতে হবে যেন তার স্বাস্থ্য ভালো থাকে।” বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযমকে তার পছন্দ অনুযায়ীই খাবার সরবরাহ করছে বঙ্গবন্ধু মেডিক্যাল কর্তৃপক্ষ। রোববার সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার হিসেবে ডিম, পাউরুটি, কলা ও দুধ; ভাত, মাছ, সবজি ও সালাদ; রুটি, মুরগির মাংস, সবজি, স্যুপ, সালাদ ও দুধ দেওয়া হয়। “গোলাম আযমের এতো যতœ-আত্তি দেখে শহীদ পরিবার ক্ষুব্ধ” মন্তব্য করে শাহরিয়ার কবির বলেন, “অনেকেই ক্ষুব্ধ। আমি তাদের কষ্ট বুঝি। তবু তাকে প্রয়োজনে হাসপাতালে রাখা সঠিক।” মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গোলাম আযম গত ১১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায় আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর ওই দিনই চিকিৎকদের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে আগামী ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানি করবে ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিগত বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান গোলাম আযম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০২ ঘ.