২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সংলাপে ‘মনগড়া’ দল

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি ‘মনগড়া’ দলকে সংলাপে ডেকেছেন বলে দাবি করেছেন সংলাপে অংশ নিয়ে আসা বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি ‘মনগড়া’ দলকে সংলাপে ডেকেছেন বলে দাবি করেছেন সংলাপে অংশ নিয়ে আসা বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক। নিজেরা সংলাপে অংশ নিলেও রাষ্ট্রপতির এই উদ্যোগকে ‘তামাশা’ বলে আখ্যায়িত করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনশন কর্মসূচিতে ফারুক বলেন, “রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে কিছু মনগড়া রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে তামাশা সৃষ্টি করছেন।” মনগড়া দল কোনগুলো, তা স্পষ্ট করেননি বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আওয়ামী লীগ, বিএনপিসহ সক্রিয় ৩২টি রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠকে করেন। তবে এই সংলাপে আমন্ত্রণ পায়নি বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সংসদে বিএনপিকে কথা বলতে দেওয়া হয় না অভিযোগ করে ফারুক রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, “সরকার সংসদকে একদলীয় করে অকার্যকর করে রেখেছে। তখন আপনার ভূমিকা কী ছিলো? আপনি তো একবারও স্পিকারকে বলেননি বিএনপি সংসদে নেই কেন?” ‘উপযুক্ত পরিবেশ’ সৃষ্টি হলে বিএনপি সংসদে ফিরবে বলেও জানান তিনি। ‘সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে’ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলে। পালন করা হয়। কর্মসূচির শেষে অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/২১১০ ঘ.