চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বনের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন।
যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে নগরীর বিভিন্ন দেওয়ালে লেখা চিকা মুছে ফেলায় মেয়রের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাকে অপসারণের দাবি জানায়।
লিখিত বক্তব্যে দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মফিজুর রহমান বলেন, “বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চট্টগ্রাম রোড মার্চের পূর্বমুহূর্তে মেয়রের তত্ত্বাবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) কর্মচারীরা যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে লেখা সব চিকা মুছে ফেলে।”
“যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে লেখা চিকা দেয়াল থেকে মুছে ফেলে মেয়র মনজুর তাদের সহযোগী হয়েছেন,” বলেন স্বেচ্ছাসেবক লীগের এ নেতা।
মেয়র মনজুর অন্যের কথায় ‘উঠ-বস’ করেন বলে লিখিত মন্তব্য করা হয়।
মফিজুর রহমান বলেন, মেয়র পদটি সাংবিধানিকভাবে দলীয় ভিত্তিক নয়। তাই মনজুর আলম বিরোধী দলের সমর্থনে নির্বাচিত হলেও সরকার প্রথম বছরে সিসিসিকে ২৫০ কোটি টাকার অনুদান দিয়ে ‘সদিচ্ছার’ প্রমাণ রেখেছে।
“কিন্তু মেয়র সহযোগিতার পরিবর্তে সরকারের ভাবমূর্তি হানির চেষ্টা করছেন।”
মনজুর আলমকে মেয়র হিসেবে ‘অযোগ্য’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশন পরিচালনায় ‘অদক্ষতা’ ও ‘উদ্যোগহীনতা’র অভিযোগ করা হয়।
সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেওয়া বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগ বতর্মান মেয়র সংরক্ষণ করতে পারছেন না দাবি করে লিখিত বক্তব্যে বলা হয়, এতে সিসিসি’র আয় কমে গেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শওকত আলম, দক্ষিণ জেলার আহ্বায়ক মো. জোবায়ের, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, নগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯২৮ ঘ.
bdnews24