ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর নেতৃত্বে রাজাকার বাহিনী কীভাবে লুটের পর বাড়িতে আগুন দিয়েছিল, তার বিবরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেছেন সাক্ষী আব্দুল হালিম বাবুল।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় মঙ্গলবার চতুর্দশ সাক্ষী হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন ৫৫ বছর বয়সী বাবুল। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও মঞ্জুর আহমেদ আনসারী।
সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালে কার্যক্রম শুরুর পর সাক্ষ্য দিতে শুরু করেন পিরোজপুরের নলবুনিয়ার পল্লী চিকিৎসক বাবুল।
তিনি বলেন, ১৯৭১ সালের ২ জুন বাড়ির সামনে রাস্তায় বেরিয়ে তিনি শুনতে পান, পাকিস্তানি সেনাদের নিয়ে গ্রামে আসছে রাজাকার সদস্যরা, যে বাহিনী গঠনে নেতৃত্ব দিয়েছিলেন সাঈদী।
ওই খবর পেয়ে দ্রুত বাড়ি ফেরেন আব্দুল হালিম বাবুল। পরিবারের সদস্যদের তিনি বিষয়টি জানান এবং সবাইকে নিয়ে বাড়ির কাছে ঝোঁপের মধ্যে লুকান। সেখান থেকেই তারা দেখতে পান, রাজাকার বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন দিয়ে চলে যাচ্ছে।
মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর এইসব যুদ্ধাপারাধের পুরোভাগে ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী।
তার আইনজীবী মিজানুল ইসলাম ও মঞ্জুর আহমেদ আনসারী সাক্ষী বাবুলকে জেরা করার পর ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
এ মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৮২০ ঘ.
bdnews24