শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রংপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে জানিয়ে ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তিনি ২০০ আসনে প্রার্থীও বাছাই করে রেখেছেন।
জনগণ ‘সময়মতো’ তার মহাজোট ছাড়ার ঘোষণা পাবে বলেও জানিয়েছেন তিনি।
নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা অভিমুখে লং মার্চে বিভিন্ন পথসভায় একথা বলেন এরশাদ।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে গভীর রাতে রংপুর পৌঁছানোর আগে ১৫টি পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
তিস্তার পানির দাবিতে এই লং মার্চ হলেও প্রতিটি পথসভায় একই ধরনের ‘রাজনৈতিক’ বক্তব্য রাখেন তিনি, যার ফলে এই কর্মসূচি কার্যত নির্বাচন সামনে রেখে আগাম প্রচারণায় পরিণত হয়।
আশুলিয়ার পর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে পথসভার পর রংপুরের মিঠাপুকুরে শেষ সভাটি হয়।
রংপুরে নিজের বাড়ি পল্লী নিবাসে রাত কাটানোর পর বুধবার সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে আবার লং মার্চ যাত্রা শুরু করবে। বিকালে নীলফামারীর তিস্তা ব্যারেজ মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই কর্মসূচি।
ঢাকা থেকে দুই হাজার গাড়ি নিয়ে যাত্রা শুরু করলেও রংপুর থেকে বুধবার আরো দুই হাজার গাড়ি রং মার্চের বহরে যোগ হবে বলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার জানিয়েছেন।
দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় এরশাদ বলেন, “জাতীয় পার্টিকে ক্ষমতায় না আনলে দেশ রক্ষা করা সম্ভব নয়। আপনারা আমাকে ক্ষমতায় আসার সুযোগ করে দিলে তিস্তা চুক্তি করব।”
গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচন করলেও জাতীয়পার্টি আগামীতে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে আবারো উল্লেখ করেন পার্টি চেয়ারম্যান।
তিনি বলেন, “আমরা সব আসনেই প্রার্থী দেব। ২০০ প্রার্থী বাছাই করা আছে, ১০০ আসনে প্রার্থী সংকট রয়েছে। তবে নির্বাচনের আগে তারও সমাধান হবে।”
কয়েকটি পথসভায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নামও ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
টাঙ্গাইলের এলেঙ্গার পথসভায় হাজারখানেক কর্মী সমর্থকের উপস্থিতিতে এরশাদ প্রশ্ন রাখেন- “আপনারা কি চান, আমি মহাজোট থেকে বেরিয়ে আসি?”
এ সময় সমবেতরা চিৎকার করে বলে, হ্যাঁ, এখনি বেরিয়ে আসুন। জবাবে এরশাদ বলেন, “সময়মতো ঘোষণা পাবেন।”
“আমরা জনগণের মনের কথা বুঝি”- এ মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তই নেব।”
সকাল ১০টায় আশুলিয়ার জামগড়ায় পৌঁছানোর পর এরশাদ প্রথম পথসভায় বক্তৃতা করেন। এ সময় তার পরনে ছিল কালো স্যুট, চোখে সানগ্লাস।
তিস্তা চুক্তি না হওয়ায় দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে উল্লেখ করে সরকারের প্রতি এরশাদ প্রশ্ন রাখেন, “কেন তিস্তা চুক্তি হলো না? এর কারণ কী? আপনাদের ব্যর্থতা কী ছিল?”
ভারত সরকারের উদ্দেশ্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমরা গরিব দেশ। আমাদের ওপর অন্যায়-অবিচার করবেন না। আমরা পানির ন্যায্য হিস্যা চাই। তাহলেই আমরা বন্ধু থাকবো।”
গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।
মনমোহন পরে বলেন, তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছিল, শিগগিরই এ চুক্তি হবে।
অভিন্ন নদীর তিস্তার পানির ওপর দেশের উত্তরাঞ্চলের কৃষি অনেকাংশেই নির্ভরশীল। তাই সব মৌসুমে এই নদীর পানি যথেষ্ট পরিমাণে নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ।
পথসভাগুলোতে জনগণের উদ্দেশে এরশাদ বলেন, “আমাকে আবার ক্ষমতায় আসার সুযোগ করে দিন। দ্রব্যমূল্য কমবে। সন্ত্রাসও বন্ধ হবে।”
“পরিবর্তন (ক্ষমতায়) এলে সবার ঘরে শান্তি ফিরে আসবে,” প্রতিশ্র“তি দেন সাবেক এই সেনা শাসক।
জিরানিবাজারের পথসভায় এরশাদ বলেন, সবদল কখনো এক হতে পারবে না বলে তিনি একাই তিস্তার পানির দাবিতে মাঠে নেমেছেন।
সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সব সমস্যা দূর করবো।”
মির্জাপুরে এরশাদ ঘোষণা দেন, জাতীয় পার্টি আন্দোলনের মাধ্যমে তিস্তা চুক্তি করে দেখাবে।
বগুড়ায় পথসভায় তিনি বলেন, “মানুষ দুই দলকে আর দেখতে চায় না। জাতীয় পার্টি বাদে তৃতীয় কোনো দলও নেই। এভাবে চলতে থাকলে জাতি নিঃশেষ হয়ে যাবে। শেয়ার বাজারে কেলেঙ্কারি হবে, ব্যাংকে টাকা থাকবে না, আমদানি বন্ধ হয়ে যাবে।”
“বর্তমানে আমার ৩০ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। জেলে যাওয়ার আগে ছিলো ১২ শতাংশ। আর জেল থেকে বের হওয়ার পর জনপ্রিয়তা ছিলো ১৮ শতাংশ,” নিজের মূল্যায়ন করে বলেন এরশাদ।
পথসভাগুলোতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, কেন্দ্রীয় কমিটির নেতা ছাড়াও বিভিন্ন জেলা কমিটির নেতাকর্মীরা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১১০০ ঘ.
bdnews24