২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক দেরি করলে পিপিপিতে পদ্মা: কাদের

বিশ্বব্যাংক অর্থ ছাড়ে দেরি করলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক অর্থ ছাড়ে দেরি করলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইয়ং চোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “সরকার এ মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরু করতে চায়। বিশ্বব্যাংক অর্থ সহায়তা দিতে দেরি করলে বিকল্প চিন্তা করা ছাড়া উপায় নেই। ইতোমধ্যে কোরিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছে।” এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিপিপির আওতায় এ প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। সরকার এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ওবায়দুল কাদেরকে। এরপর পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। গত ১১ জানুয়ারি বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আশা প্রকাশ করেন, অর্থায়নের বিষয়ে দু-এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। অর্থমন্ত্রীও একই রকম মন্তব্য করেন। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, “সরকারের হাতে সময় মাত্র দেড়-দুই বছর। নির্বাচনী অঙ্গীকার পূরণে এই সময়েই কাজ শুরু করতে হবে। সরকার তো পদ্মা সেতু প্রকল্প বিসর্জন দিতে পারে না।” অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধির মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, “কে কি বলেছে তা আমি জানি না, বিশ্বব্যাংক অর্থ ছাড় দিবে কি না তা আমি বলতে পারবো না। তবে, বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই।’’ অন্যদের মধ্যে বৈঠকে সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান আইয়ূবুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/সিএস/জেকে/১৫২৮ ঘ.