ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর নেতৃত্বে রাজাকার বাহিনী কীভাবে লুণ্ঠন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করেছিল, তার বিস্তারিত বিবরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেছেন সাক্ষী গৌরাঙ্গ চন্দ্র সাহা।
জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সোমবার ত্রয়োদশ সাক্ষী হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন ৬৭ বছর বয়সী গৌরাঙ্গ। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও মঞ্জুর আহমেদ আনসারী।
সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালে কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর রানা দাসগুপ্তের সহায়তায় সাক্ষ্য দিতে শুরু করেন গৌরাঙ্গ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে একদিন সাঈদীর নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা এসে তাদের বাড়িতে লুটপাট চালায়। তারা বাড়ি থেকে তুলে নিয়ে যায় গৌরাঙ্গের তিন বোনকে।
পাড়েরহাটে রাজাকার ক্যাম্পে তিনদিন রেখে ধর্ষণ করা হয় তাদের। তিনদিন পর তাদের বাড়িতে ফেরত পাঠানো হলেও আবার আসে সাঈদী ও তার দলবল। জোর করে কলেমা পরিয়ে ধর্মান্তরিত করা হয় গৌরাঙ্গের পুরো পরিবারকে।
গৌরাঙ্গ বলেন, সাঈদীর লোকজন বাড়িতে এসে টুপি আর তসবি দিয়ে যায়। এই নির্যাতনের লজ্জা সইতে না পেরে তিনি ছাড়া পরিবারের সবাই এক পর্যায়ে ভারতে চলে যান।
আসামি পক্ষের আইনজীবীরা জেরায় গৌরাঙ্গের কাছে জোনতে চান, তিনি সাঈদীকে চেনেন কি না।
জবাবে গৌরাঙ্গ বলেন, পিরোজপুরের পাড়েরহাটে যেখানে তাদের বাড়ি, একাত্তরে তার কাছাকাছিই থাকতেন সাঈদী। তার শ্বশুরবাড়িও ওই এলাকাতেই। কাজেই এই জামায়াত নেতাকে ভালোভাবেই চেনেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সাক্ষী হিসেবে শহীদুল ইসলাম খানের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসেননি।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
এ মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৮১৫ ঘ.
bdnews24