২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: আলীমের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন ১৫ মার্চ

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিয়াউর রহমানের আমালের এই মন্ত্রীকে ওইদিন ট্রাইব্যুনালে হাজির হতে হবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার প্রসিকিউশনে আলীমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এতে বলা হয়, আসামি নিয়মিত আদালতে হাজিরা দেওয়ায় তার জামিনের মেয়াদ বাড়ানো হলো। একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আগামী ১৫ মার্চ আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে হবে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গতবছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। আলীম ছাড়াও বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া এবং সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে। এদের মধ্যে কেবল আলীমই জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩০৫ ঘ.