ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি গোলাম আযমের স্বাস্থ্যগত কিছু পরীক্ষার বিষয়ে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় তিনি এখনো বিএসএমএমইউ হাসপাতালে রয়েছেন।
যুদ্ধাপরাধের অভিযোগে আটক ৮৯ বছর বয়সি গোলাম আযমের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোমরে ব্যথা হওয়ায় তাকে (গোলাম আযম) অর্থোপেডিকস বিভাগে রেফার করা হয়েছে। তার পিত্তথলিতেও পাথর রয়েছে।”
তিনি জানান, অর্থোপেডিকস বিভাগের এক জন চিকিৎসকের পরামর্শে গোলাম আযমের এমআরআই করা হবে।
সোমবার এমআরআই করা হতে পারে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া বলেছিলেন, জামায়াতের সাবেক আমিরকে হাসপাতালে রাখার প্রয়োজন নেই।
এই বিষয়ে জানতে চাইলে পরিচালক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীর অবস্থা যে কোনো অবস্থায় বদলাতে পারে।”
“গোলাম আযম একজন বয়স্ক মানুষ, সে অনুযায়ী তার চিকিৎসা চলছে। তবে চিকিৎসক যে এমআরআই করার পরামর্শ দিয়েছেন এটা বিএসএমএমইউতে নেই। এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।”
এক প্রশ্নের জবাবে পরিচালক জানান, এ পর্যন্ত গোলাম আযমের চিকিৎসার ব্যয়ভার সরকারি ভাবে করা হয়েছে। এখন থেকে তার কাছ থেকে নেওয়া হবে।
কারাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোলাম আযম এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই তাকে কারাগারে নেওয়া হবে।
এ ব্যাপারে মেডিকেল বোর্ডের প্রধান এ বি এম আব্দুল্লাহ বলেন, সোমবার তার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে।
বর্তমানে এ হাসপাতালেরই প্রিজন সেলে রাখা হয়েছে গোলাম আযমকে, যার বিরুদ্ধে আগামী ১৫ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একাত্তরে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী গোলাম আযম গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর ওই দিনই চিকিৎকদের পরামর্শে হাসপাতালে পাঠানো হয় তাকে।
তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছিলেন, গোলাম আযমের মূত্রনালীর কিছু সমস্যা আছে, যা এই বয়সে হয়েই থাকে। তবে সার্বিকভাবে তিনি সুস্থ রয়েছেন।
এরপর ১২ জানুয়ারি বিএসএমএমইই’র মেডিসিন বিভাগের প্রধান আব্দুল্লাহকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষার জন্য। বোর্ডের অন্য দুই সদস্য হলেন সজল কৃষ্ণ ব্যানার্জি এবং হাবিবুর রহমান দুলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/আরএ/১৮৫১ ঘ.
bdnews24