২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির পুনঃনিয়োগ গ্রহণযোগ্য হবে না: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সিইসির পুনঃনিয়োগের চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে আবারো নিয়োগ দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শনিবার এক আলোচনা সভায় বলেন, পত্রিকায় দেখলাম, সিইসি পুনঃনিয়োগ পেতে পারেন। এর চেয়ে দুভার্গ্যজনক আর কি হতে পারে। ওই ব্যক্তি সরকারের আজ্ঞাবহ ও নতজানু। তাকেই যদি আবার নিয়োগ দেওয়া হয়, তা হলে রাষ্ট্র্রপতিকে দিয়ে সংলাপ নাটক করা হলো কেন।’’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে তাও জাতির কাছে গ্র্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি। শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। সংবিধান অনুযায়ী নতুন কমিশন নিয়োগ দেওয়ার জন্য ইতোমধ্যে ‘গুরুত্বপূর্ণ’ রাজনৈতিক দরগুলোর সঙ্গে সংলাপ করে মতামত নিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এই সংলাপে অংশ নিয়ে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি এবং বিকল্পধারা বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল হোসেন জানান, এ টি এম শামসুল হুদাকে সিইসি পদে রেখে দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। একই রকম মত দেন সংবিধান প্রণয়ণ কমিটির আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও। তবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি বলেছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। সরকার গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর থেকেই আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। এ বিষয়ে আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, “দেশকে সংঘাত ও অনিশ্চয়তার থেকে রক্ষা করতে সরকারকে প্রতি পরামর্শ থাকবে, আগামী ২৫ জানুয়ারি সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদ আনুন। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হলে তা হবে অর্থহীন।” তত্ত্ববধায়ক সরকারের দাবিকে ‘জাতীয় দাবি’ হিসেবে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কয়েকটি দল ছাড়া সবাই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে। এই দাবিকে উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। এর মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।” চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহবুব উল্লাহর স্মরণে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। গত ৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান মাহবুব উল্লাহ। পেশাজীবী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, অর্থনীতিবিদ আবু আহমেদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শাহ মোহাম্মদ ফারুক ,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ভাসানী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য খলিলুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫১৮ ঘ.