নরসিংদী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর নির্বাচনসহ আগামীতে অনুষ্ঠেয় সব স্থানীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, এ প্রযুক্তির প্রতি সবার আস্থা আনতে কাজ করতে হবে।
নরসিংদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষে শনিবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “নরসিংদী পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টরা কে কি করছেন, তা পর্যবেক্ষণে প্রতিটি কেন্দ্রে থাকবে ওয়েব ক্যামেরা।”
জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুল অদুদ, র্যাব ১১ এর কমান্ডিং অফিসার গোলাম সারওয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আলমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ মত বিনিময়ে অংশ নেন।
প্রচার, ভোটের মহড়া ও কেন্দ্রে ব্যবহারের জন্য প্রায় তিনশ’ ইভিএম প্রস্তুত রাখা হচ্ছে বলে জানান তিনি।
গত ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোট হয়। এর আগে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়েছিল।
পরে শামসুল হুদা এ নির্বাচনে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন ও পৌর এলাকার চারটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হওয়ায় মেয়র পদটি শূন্য হয়।
আগামী ১৯ জানুয়ারি এই উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। এদের মধ্যে প্রয়াত লোকমান হোসেনের ভাই কামরুজ্জামান কাপ-পিরিচ প্রতীকে, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া আনারস প্রতীকে, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির দোয়াত-কলম নিয়ে, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ভূঁইয়া দেয়াল ঘড়ি, আফজাল হোসেন মোল্লা টেলিফোন নিয়ে এবং জাকের পার্টি সমর্থিত অ্যাডভোকেট আরিফুল ইসলাম চশমা প্রতীকে লড়বেন।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যার ৭৭ হাজার ৫৮১ জন। ৩১টি কেন্দ্রের ১৯৮টি ভোট কক্ষে এই ভোট হবে।
এ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদী পৌর উপ-নির্বাচনে কাউকে সমর্থন দিচ্ছে না বিএনপি। গত ৪ জানুয়ারি জেলা বিএনপি সভাপতি খায়রুল কবীর খোকন এ ঘোষণা দেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নির্বাচনে কামরুজ্জামানকে সমর্থন দিয়েছে।
লোকমান হত্যার পর ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করা হয় কামরুজ্জামান সেই মামলার বাদি। আর মেয়র পদের আরেক প্রার্থী মোন্তাজ উদ্দিন ভূঁইয়া এ মামলার অন্যতম আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24